আজ শ্যামাপূজা, মন্দিরে মন্দিরে কালীর আরাধনা

আজ রোববার সারা দেশে উদ্যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা। ভোর থেকে মন্দিরে মন্দিরে শুরু হয়েছে দেবী কালীর আরাধনা।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে। এই তিথিকে ঘিরেই প্রতি বছর এই উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি হয়েছে বলে পুরাণে বলা হয়েছে।
কালীপূজা হচ্ছে শক্তির পূজা। এই পূজার মধ্য দিয়ে জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় কামনা করা হয়।
লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামের মধ্য দিয়ে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির এবং রামকৃষ্ণ মিশন ও মঠে আজ শ্যামাপূজা হবে। এসব মন্দিরে পূজা উপলক্ষে ভক্তদের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ছাড়া সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির এবং পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দিরেও আজ শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ রাজধানীর বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে আজ শ্যামাপূজা হবে।



