…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখন্ড বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এ দুই রেলপথে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম — কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল ভেঙে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে ওই বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি।

বরং সম্প্রতি সদর উপজেলার ৩টি ইউনিয়ন — বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ভেঙে আখাউড়া উপজেলায় যুক্ত করা বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়।

স্থানীয়দের দাবি, এ প্রস্তাবের নেপথ্যে রয়েছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সে জন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকায় এ পথের যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে বাসুদেব ইউনিয়নবাসীর আন্দোলন চলছে। অবরোধের কারণে রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

যানজটের চাপে সরানো হলো সীতাকুণ্ডের গতিরোধক, স্থায়ী সমাধান খুঁজবে বিশেষজ্ঞ দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো…

জাতীয়

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত তিনজন

চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।…

জাতীয়

এক দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত অন্তত ৪০

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। জামালপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত …

জাতীয়

চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাবারের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও খাদ্যপণ্যে অনিয়মের দায়ে তিন খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিম…