শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা সুসংহত রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজধানী ঢাকা ও এর আশপাশের সংবেদনশীল এলাকাগুলোতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার মিরপুরসহ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল ছাড়াও নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইলে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
একই সঙ্গে গাজীপুরের প্রধান শিল্প বলয় চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন কৌশলগত পয়েন্টে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির অংশ হিসেবে বিজিবি সদর দপ্তরে স্থাপিত বিশেষ মনিটরিং সেল থেকে আধুনিক নজরদারি প্রযুক্তি ও সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সার্বিক নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও উৎপাদন স্বাভাবিক রাখার স্বার্থে স্থানীয় বেসামরিক প্রশাসন এবং পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করছে বাহিনীটি।
বিজিবি জানিয়েছে, সর্বসাধারণের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পপ্রতিষ্ঠানগুলোতে অনুকূল কর্মপরিবেশ রক্ষা এবং মহাসড়কসহ স্থানীয় জনপদে যেকোনো ধরনের অন্তর্ঘাতমূলক অপতৎপরতা প্রতিহত করতে তাদের এই বিশেষ নিরাপত্তা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


