টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, মূল্য ৫০ লাখ টাকা
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।
রোববার (৮ নভেম্বর) ভোরে টেকনাফ থানার নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা লোকালয়ে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাব্বির আলম সুজন আরও বলেন, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

