…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সমর্থনের প্রতিফলন ব্যালটে ঘটবে, অফিসে নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
সমর্থনের প্রতিফলন ব্যালটে ঘটবে, অফিসে নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকাকে দোষের মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের এই প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

রোববার (০৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সরকারপ্রধান বলেন, আপনাদের প্রথম ও প্রধান পরিচয় আপনারা জনপ্রশাসনের কর্মকর্তা। আপনাদের কাজ জনগণের সেবা করা।

কোনো সহযোগিতার জন্য সাধারণ নাগরিক অফিসে এলে তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী একটি ‘গোল্ডেন রুল’ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘Treat others how you want to be treated’—অর্থাৎ আপনি অন্যের কাছ থেকে নিজের জন্য যেমন ব্যবহার প্রত্যাশা করেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গেও তেমন আচরণ করবেন।

বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিষয় ও কর্মস্থল অনুযায়ী কাজের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু একটি সরকারের সার্বিক সফলতার জন্য ‘দক্ষতা, সততা এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন’ প্রশাসন জরুরি।

আইনের বিধিবদ্ধ নিয়মের মধ্যে থেকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান একটি উদাহরণ দেন। তিনি বলেন, কেউ ভুল আবেদনপত্র নিয়ে এলে তাকে শুধু ‘ভুল হয়েছে, ঠিক করে আনুন’ বলে ফিরিয়ে দেওয়াটা বেআইনি বা অন্যায় নয়।

কিন্তু তাকে সুনির্দিষ্টভাবে ভুলটি দেখিয়ে কোথায় কার কাছে গেলে তা সংশোধন করা যাবে, সেই পরামর্শ দেওয়াটাই মানবিকতার বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন। দেশের জনগণ আপনাদের কাছে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিকতাও আশা করে।

পছন্দের পদে পদায়নের জন্য নীতি-নৈতিকতার সঙ্গে আপস না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই রাষ্ট্র ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ।

অনেক সময় পছন্দের পদে পোস্টিং কিংবা প্রমোশনের জন্য কেউ কেউ নিজেদের পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে কম্প্রোমাইজ করেন। দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারিত্ব। মনে রাখতে হবে, সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।

বর্তমান সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি প্রশাসনের মাধ্যমেই করছে। কারণ, এই এজেন্ডা বাস্তবায়নের জন্যই জনগণ ভোট দিয়ে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

জাতীয় নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইশতেহার এখন জনগণের দলিল। জনগণের সেই ইশতেহার বাস্তবায়নের প্রশাসনিক কাজটি আপনারা আন্তরিকতার সঙ্গে করবেন, এটিই সরকারের প্রত্যাশা বলে তিনি উল্লেখ করেন।

প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা সবচেয়ে বেশি কার্যকরী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা যদি আমাদের ঘরবাড়ি, অফিস-আদালত ও চারপাশ পরিচ্ছন্ন রাখি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়তে সক্ষম হবো।

রাজনীতি বিভাগের আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে বৃহত্তর ঐক্যের পথে ১১ দল, গঠিত হচ্ছে সংস্কার পরিষদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এবার বৃহত্তর ঐক…

রাজনীতি

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন। তাঁর মাথায় ধারালো অস্ত…

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢা…

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০, দুজন ঢাকা মেডিকেলে
রাজনীতি

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০, দুজন ঢাকা মেডিকেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক…