…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

কানসাট স্লুইসগেট বন্ধ থাকায় পানির নিচে ৩৫ হাজার বিঘা জমি, দিশেহারা হাজারো কৃষক

নিজস্ব প্রতিবেদক
কানসাট স্লুইসগেট বন্ধ থাকায় পানির নিচে ৩৫ হাজার বিঘা জমি, দিশেহারা হাজারো কৃষক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খিরির বিলে জলাবদ্ধতায় পানির নিচে রয়েছে প্রায় ৩৩ থেকে ৩৫ হাজার বিঘা কৃষিজমি। কানসাটের কাছে পাগলা নদীর মুখে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেটটি বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো কৃষক।

জেলার পিঠালিতলা, বিলভাতিয়ার আংশিক ও দামুসসহ বিভিন্ন বিলের বেশির ভাগ জায়গা থেকে পানি নেমে গেলেও কানসাট শহরের অদূরে পাগলা নদীর মুখের স্লুইসগেট বন্ধ থাকায় খিরির বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের খিরির বিলের এই জলাবদ্ধতা এখন কৃষকদের উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত তিন দিন আগে গেটটি খোলার ঘণ্টাখানেকের মধ্যেই আবার বন্ধ করে দেওয়ায় প্রায় ৩৩ থেকে ৩৫ হাজার বিঘা কৃষিজমি পানির নিচে রয়েছে। সময়মতো পানি নিষ্কাশন না হওয়ায় জমিতে ফসল আবাদ করতে না পেরে হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে কৃষকদের।

স্থানীয়রা জানান, ভোলাহাটের কিছু অংশ এবং শিবগঞ্জ উপজেলার কিছু অংশ মিলে প্রায় ৩৫ হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত এই অঞ্চলটি খিরির বিল নামে পরিচিত। বর্ষার আগে এসব জমিতে আউশ ধান এবং বর্ষার পরে কাদামুক্ত জমিতে মাসকলাইসহ বিভিন্ন সবজি চাষ করা হয়। জমি শুকিয়ে গেলে সেখানে আরও একটি ফসল আবাদ করা সম্ভব হয়।

শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়ার ১৬ হাজার বিঘা, ভোলাহাট উপজেলার আমগাছির ১০ হাজার বিঘা এবং দাইপুকুরিয়া ইউনিয়নের প্রায় ৯ হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত এই অঞ্চল। এ বিলে অন্তত চার হাজার কৃষকের জমি রয়েছে। জমিগুলো নিচু হওয়ায় অন্তত তিন মাস পানিতে ডুবে থাকে। আর কানসাটের স্লুইসগেট সময়মতো না খুললে আরও চার মাস জলমগ্ন থাকে এখানকার ৩৫ হাজার বিঘা জমি। এতে এসব জমিতে কৃষকরা শুধু ধান চাষ করতে পারেন।

চলতি মৌসুমে অক্টোবর মাসের প্রথম দিকে গেটটি আংশিক খুলে দিলে অন্তত এ এলাকার ২০ হাজার বিঘা জমি চাষের উপযোগী হতো। মাসকলাইসহ বিভিন্ন ফসল উঠে যাওয়ার পর আরও একটি ফসল ফলানো যেত। আর নভেম্বরের প্রথম দিকে গেটটি খুলে দিলে পানি নিষ্কাশনের ফলে এ এলাকার ৯৫ শতাংশ জমিতে আবাদ করা সম্ভব হতো।

গত তিন দিন আগে ভুক্তভোগী কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে গেটটি খোলা হলেও অজ্ঞাত কারণে ঘণ্টাখানেকের মধ্যেই আবার বন্ধ করে দেওয়া হয়। এতে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

দাইপুকুরিয়া ইউনিয়নের ৬০ বছর বয়সী মো. তাজামুল হক বলেন, তাঁর ৬ বিঘা জমির ওপর পানি থাকার কারণে সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ করতে পারছেন না। কানসাট স্লুইসগেট বন্ধ থাকায় খিরির বিলের পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে দীর্ঘদিন ধরে কৃষিজমিতে পানি জমে রয়েছে।

অপর কৃষক মাসিকুল ইসলাম জানান, তাঁর ৬০ বিঘা জমির মধ্যে ৩৫ বিঘাই এ বিলে। তিনি বলেন, মাত্র এক ধান পেয়েছি। এখনও জমিতে নৌকা চলছে। আর কচুরিপানায় জমি ভর্তি। পানি নিষ্কাশনের ব্যবস্থা হলেও প্রভাবশালীদের চাপে আবার বন্ধ হয়ে গেল। এখন আমরা কী খাব সারা বছর? সংসারই বা চলবে কীভাবে?

কৃষক মনিরুল ইসলাম জানান, তাঁদের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। কিন্তু জমিতে পানি জমে থাকায় সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। সময়মতো পানি না নামলে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হবে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, খিরির বিলে জলাবদ্ধতার বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। স্লুইসগেটের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ ও নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কৃষকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ওই বিলসহ এলাকার পানি নিষ্কাশন এবং কানসাট স্লুইসগেট নিয়ন্ত্রণের জন্য পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও কৃষকদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। ওই কমিটির সিদ্ধান্তে সম্প্রতি গেটটি খোলা হলেও সন্ধ্যায় কিছু ব্যক্তির অনুরোধে আবার বন্ধ করা হয়। বিষয়টি তদন্ত করে কমিটির সদস্যরা বসে কৃষকদের স্বার্থে দ্রুত গেটটি খোলার ব্যবস্থা করবেন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

ভালো দাম পাওয়ার আশায় হিমাগারে আলু রেখেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু মৌসুমের শেষ দিকে এসেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। উল্টো ক্রেতাসংকট ও দরপতন…

কৃষি

কেজিতে ১১ টাকা লোকসান, পুঁজি হারিয়ে দিশেহারা রাজশাহীর আলুচাষিরা

রাজশাহী অঞ্চলে আর মাসখানেকের মধ্যেই আগাম আলু উঠতে শুরু করবে। অথচ এ অঞ্চলের হিমাগারগুলোতে এখনো আগের বছরের অর্ধেকের বেশি আলু অবিক্রীত রয়েছে। এ নিয়ে চর…

কাহারোলে প্রান্তিক কৃষক-কৃষাণিদের বিনামূল্যে শীতকালীন সবজির বীজ দিল বসুন্ধরা শুভসংঘ
কৃষি

কাহারোলে প্রান্তিক কৃষক-কৃষাণিদের বিনামূল্যে শীতকালীন সবজির বীজ দিল বসুন্ধরা শুভসংঘ

বাড়ির আঙিনা ও পতিত জমিতে সবজি চাষে উৎসাহিত করা, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং কৃষিনির্ভর পরিবারের খাদ্যব্যয় কমানোর লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপ…

উৎপাদন কমায় সুগন্ধি চালের দাম চড়া, কৃষকদের অতিরিক্ত প্রণোদনা দেবে সরকার
কৃষি

উৎপাদন কমায় সুগন্ধি চালের দাম চড়া, কৃষকদের অতিরিক্ত প্রণোদনা দেবে সরকার

দেশে সুগন্ধি চালের উৎপাদন এলাকা ক্রমেই কমে আসছে। এতে বাজারে এ ধরনের চালের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামের ওপর।…