…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

শীতের শুরুতে রোগীর চাপে হিমশিম যশোর জেনারেল হাসপাতাল, ২৫০ শয্যায় ভর্তি ছয় শতাধিক

নিজস্ব প্রতিবেদক
শীতের শুরুতে রোগীর চাপে হিমশিম যশোর জেনারেল হাসপাতাল, ২৫০ শয্যায় ভর্তি ছয় শতাধিক
ছবি: সংগৃহীত

আবহাওয়ার পরিবর্তনে যশোরে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে যশোর জেনারেল হাসপাতাল। ২৫০ শয্যার এ হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় শতাধিক রোগী। শয্যা না পেয়ে মেঝে, বারান্দা ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২০ হাজার ৭২৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ রোগে আক্রান্ত ৩৭ জন চিকিৎসা নিয়েছে। এ সময়ে ডায়রিয়ায় কোনো মৃত্যুর তথ্য নেই।

অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ৮৫ জন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে অর্ধশতাধিক।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের মাত্র ছয়টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ৮৫ জন। অতিরিক্ত রোগীদের ওয়ার্ডের বারান্দা ছাড়িয়ে প্রশাসনিক ভবনের নিচের বারান্দায়ও রাখতে হয়েছে।

জ্যেষ্ঠ স্টাফ নার্স ফাতেমা খাতুন জানান, রোগীর চাপ বেড়ে যাওয়ায় ওষুধ সরবরাহেও চাপ তৈরি হয়েছে। কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।

শিশু ও নবজাতক বিভাগেও একই অবস্থা। এই ওয়ার্ডে ২৪টি শয্যার বিপরীতে ১২৫ জনের বেশি শিশু চিকিৎসাধীন। অন্যদিকে, শিশু ওয়ার্ডের ইনচার্জ জেসমিন খাতুনের হিসাবে ভর্তি শিশুর সংখ্যা ১৫৭। নবজাতক বিভাগে ১০টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ২৬ জন। শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় আবহাওয়াজনিত অসুস্থতায় ৪৫৫ জন রোগী ভর্তি, প্রাথমিক ও জরুরি চিকিৎসা নিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিশু বহির্বিভাগের ১১৩ ও ১১৪ নম্বর কক্ষে চিকিৎসা নিয়েছে ১৯২ জন। এ ছাড়া পুরুষ বহির্বিভাগে ২৫ ও মহিলা বহির্বিভাগে ৫২ জন চিকিৎসা নিয়েছে। একই সময়ে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন ১৮৬ জন, তাদের মধ্যে ১৫৭ শিশু, ১৮ পুরুষ ও ১১ নারী।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হাবিবা সিদ্দিকা ফোয়ারা বলেন, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন এবং তাপমাত্রার ওঠানামার কারণে রোগীর সংখ্যা বাড়ছে।

মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আবু হায়দার মনিরুজ্জামান বলেন, শীতের শুরুতে রোটাভাইরাস, নোরোভাইরাস ও অ্যাডিনোভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। এসব ভাইরাসের কারণে ডায়রিয়া হতে পারে। শিশুরোগ বিশেষজ্ঞ আব্দুস সামাদ বলেন, শুষ্ক আবহাওয়া ও ধুলাবালির কারণে আরএসভি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে পারে। এতে শিশুদের ব্রঙ্কিওলাইটিস ও নিউমোনিয়া দেখা দিচ্ছে।

শিশুদের ধুলাবালি থেকে দূরে রাখা, আবহাওয়া উপযোগী পোশাক পরানো এবং পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শ্বাসকষ্ট, বুক দেবে যাওয়া বা অতিরিক্ত জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, আবহাওয়ার পরিবর্তনে রোগীর চাপ কয়েক গুণ বেড়েছে। সীমিত শয্যা ও জনবল নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের কোনো ওষুধ না খাওয়ানোর পরামর্শও দেন তিনি।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, শীতের শুরুতে ডায়রিয়া, ভাইরাল জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে ঠিক কোন ভাইরাসের কারণে সংক্রমণ ছড়াচ্ছে, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

শীতে হাসপাতালের চাপ কমাতে ইংল্যান্ডে ৩ লাখ ঝুঁকিপূর্ণ রোগীকে বাড়িতে বাড়তি সেবা দেবেন জিপিরা
স্বাস্থ্য

শীতে হাসপাতালের চাপ কমাতে ইংল্যান্ডে ৩ লাখ ঝুঁকিপূর্ণ রোগীকে বাড়িতে বাড়তি সেবা দেবেন জিপিরা

ইংল্যান্ডে শীতকালে হাসপাতালে ভর্তি এড়াতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তিন লাখ রোগীকে বাড়িতে বাড়তি সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চার কোটি পাউন্ডের এই প্র…

কোষ্ঠকাঠিন্যে উপকার দিতে পারে প্রতিদিন দুটি সবুজ কিউই, বলছে ৩৩ গবেষণার পর্যালোচনা
স্বাস্থ্য

কোষ্ঠকাঠিন্যে উপকার দিতে পারে প্রতিদিন দুটি সবুজ কিউই, বলছে ৩৩ গবেষণার পর্যালোচনা

প্রতিদিন দুটি সবুজ কিউই খেলে কোষ্ঠকাঠিন্যে ভোগা মানুষের উপকার হতে পারে বলে নতুন এক পর্যালোচনায় উঠে এসেছে। 'ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ' সাময়িকীতে প্…

ইংল্যান্ডের প্রায় অর্ধেক এনএইচএস ট্রাস্টে মাতৃত্বকালীন ছুটির বিকল্পের তহবিল নেই
স্বাস্থ্য

ইংল্যান্ডের প্রায় অর্ধেক এনএইচএস ট্রাস্টে মাতৃত্বকালীন ছুটির বিকল্পের তহবিল নেই

ইংল্যান্ডের প্রায় অর্ধেক এনএইচএস ট্রাস্টের কাছে মাতৃত্বকালীন ছুটিতে থাকা কর্মীদের বিকল্প হিসেবে নিয়োগের জন্য নির্ধারিত কোনো তহবিল নেই। ফিজিওথেরাপি স…

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
স্বাস্থ্য

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। …