ইংল্যান্ডের প্রায় অর্ধেক এনএইচএস ট্রাস্টে মাতৃত্বকালীন ছুটির বিকল্পের তহবিল নেই

ইংল্যান্ডের প্রায় অর্ধেক এনএইচএস ট্রাস্টের কাছে মাতৃত্বকালীন ছুটিতে থাকা কর্মীদের বিকল্প হিসেবে নিয়োগের জন্য নির্ধারিত কোনো তহবিল নেই। ফিজিওথেরাপি সেবার ওপর চাপ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে এই বিশ্লেষণ।
চার্টার্ড সোসাইটি অব ফিজিওথেরাপির (সিএসপি) পাঠানো তথ্য অধিকার আইনের আবেদনের জবাবে দেখা গেছে, ৪৯ শতাংশ ট্রাস্টের মাতৃত্বকালীন ছুটির বিকল্পের জন্য নির্ধারিত বাজেটও নেই, আবার অতিরিক্ত ব্যয়ের অনুমতি দেওয়ার নীতিও নেই।
যেখানে তহবিল আছে, সেখানেও ফিজিওথেরাপিকে অন্যান্য স্বাস্থ্যসেবার তুলনায় কম গুরুত্ব দেওয়া হয় বলে বিশ্লেষণে উঠে এসেছে। প্রতি পাঁচটি ট্রাস্টের একটির বেশি (২২ শতাংশ) জানিয়েছে, তাদের মাতৃত্বকালীন ছুটির বিকল্প ব্যবস্থা ফিজিওথেরাপি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে নার্সিং পদের ক্ষেত্রে এই হার মাত্র ৯ শতাংশ।
সিএসপি বলেছে, মাতৃত্বকালীন ছুটির পরিকল্পনা না করলে ইতিমধ্যে চাপে থাকা দলগুলোকে কম লোকবল দিয়ে একই কাজের বোঝা বহন করতে হয়। এতে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য রোগীদের অপেক্ষা দীর্ঘ হয়। এনএইচএসের ফিজিওথেরাপি কর্মীবাহিনীর প্রায় ৭৯ শতাংশই নারী হওয়ায় এই তথ্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
সিএসপির অনুশীলন ও উন্নয়ন পরিচালক অ্যাশ জেমস বলেন, নার্সিং সহকর্মীদের তুলনায় ফিজিওথেরাপি দলগুলোর মাতৃত্বকালীন ছুটির বিকল্পের তহবিল পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কম হওয়া গভীর উদ্বেগের বিষয়।
তিনি বলেন, 'যখন একজন ফিজিওথেরাপিস্ট মাতৃত্বকালীন ছুটিতে যান, তখন চিকিৎসা প্রয়োজন এমন রোগীরা অদৃশ্য হয়ে যান না। বিকল্প না থাকলে ইতিমধ্যে অতিরিক্ত চাপে থাকা সহকর্মীদের কাজের বোঝা সামলাতে হয়, আর রোগীদের প্রয়োজনীয় পুনর্বাসনের জন্য আরও বেশি অপেক্ষা করতে হতে পারে।'
জেমস আরও বলেন, 'নিয়োগ স্থগিতাদেশ, পদ বিলুপ্তি এবং সেবার চাহিদা বাড়ার পটভূমিতে এটি ঘটছে। এটি ফিজিওথেরাপি সেবা সক্ষমতার বাইরে টেনে নেওয়ার আরেকটি উদাহরণ।' তিনি বলেন, 'ট্রাস্টগুলোকে সব চিকিৎসা পেশায় মাতৃত্বকালীন ছুটির বিকল্প ব্যবস্থা ন্যায্যভাবে নিশ্চিত করতে হবে, আর সরকারকে জরুরি ভিত্তিতে নিয়োগ স্থগিতাদেশ তুলে ফিজিওথেরাপি কর্মীবাহিনীতে বিনিয়োগ করতে হবে।'
এর আগের এক গবেষণায় দেখা গেছে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত জায়গা ও সরঞ্জামের অভাবে স্ট্রোক রোগীসহ যাঁদের নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, তাঁরা নিম্নমানের সেবা পাচ্ছেন।
ওই গবেষণায় দেখা যায়, প্রতি ১০ জন এনএইচএস ফিজিওথেরাপি কর্মীর চারজন তাঁদের নির্ধারিত পুনর্বাসনের জায়গা হারিয়েছেন বা হারাবেন বলে আশঙ্কা করছেন। সিএসপির দুই হাজারের বেশি সদস্যের এক জরিপে প্রতি ১০ জনের ছয়জন জানান, তাঁদের কক্ষ অন্য চিকিৎসা দলগুলো দখল করে নিয়েছে। কেউ কেউ তহবিলের অভাব বা ব্যবস্থাপকদের অগ্রাধিকার না দেওয়াকে দায়ী করেছেন।
রোগী সংগঠন পেশেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ার অ্যালাস্টেয়ার হেন্ডারসন বলেন, বিকল্পের এই ঘাটতির সরাসরি পরিণতি রোগীদের ওপর পড়ে। তিনি বলেন, 'সেবা ইতিমধ্যে চাপে থাকা অবস্থায় পর্যাপ্ত বিকল্প ছাড়া কর্মী হারানো মানে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আরও বেশি অপেক্ষা, বিশেষজ্ঞ সেবার সুযোগ কমে যাওয়া এবং অবশিষ্ট দলগুলোর ওপর আরও বেশি চাপ।'
তিনি আরও বলেন, 'এনএইচএস অনুমানযোগ্য কর্মী অনুপস্থিতির পরিকল্পনা করতে বা তার ব্যয় বহন করতে ব্যর্থ হওয়ায় রোগীদের বেশি অপেক্ষা করতে হবে বা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হতে হবে—এটা হওয়া উচিত নয়।'



