ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম কপিল মন্ডল (৪০)। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঘারদিয়া গ্রামে। তিনি কালিপদ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি ভাঙ্গার দিক থেকে মুকসুদপুর এলাকার দিকে যাচ্ছিল। একই সময় অজ্ঞাতনামা একটি বাস ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বাবনাতলা চাপা ব্রিজের কাছে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং মরদেহটি ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শামীম জানান, অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

