ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করল প্যারিস

ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলার জন্য ইরানের সঙ্গে সম্পৃক্ত হ্যাকারদের দায়ী করেছে ফ্রান্স। ফরাসি কর্তৃপক্ষের ভাষ্য, ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অধীনে কাজ করা হ্যাকাররা এই হামলা চালিয়েছে।
এবারের হামলায় কোনো বার্তা দেওয়া হয়নি, কিন্তু বিপর্যয় বিশ্বজুড়ে শিরোনাম হয়েছে। কিছু ফ্রিজের তাপমাত্রা এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল যে সেগুলোতে আগুন ধরে যায়। হামলার পরের কয়েক ঘণ্টায় সুপারমার্কেটের কর্মীরা নষ্ট হয়ে যাওয়া মাংসের স্তূপ ও গলে যাওয়া আইসক্রিম আবর্জনার পাত্রে ফেলে দেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে ‘অভূতপূর্ব মাত্রা ও অভূতপূর্ব আগ্রাসনের’ কাজ বলে বর্ণনা করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ‘ইউরোপজুড়ে নিষেধাজ্ঞা’ আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন।
এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন এর আগে মে মাসে ইসরায়েলের একটি খাদ্য উৎপাদন কারখানার শিল্প ফ্রিজে হামলা এবং আগস্টে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ফ্রিজের ত্রুটির কারণে খাবার নষ্ট হওয়ার ঘটনা ঘটে, যা এখন সন্দেহভাজন হ্যাকিং হিসেবে দেখা হচ্ছে। ওই হামলাগুলোর জন্য আনুষ্ঠানিকভাবে ইরানকে দায়ী করা হয়নি, কিন্তু ফরাসি ঘোষণাটি এই ধরনের হামলায় রাষ্ট্রের জড়িত থাকার প্রথম অভিযোগ।
ইরানপন্থী হ্যাকাররা বার্তা পাঠাতে পছন্দ করে। ২০২৩ সালে রাষ্ট্র-সমর্থিত একটি গোষ্ঠী সংযুক্ত আরব আমিরাতে টেলিভিশন স্ট্রিমিং সেবা ব্যাহত করে গাজা যুদ্ধ নিয়ে একটি ভুয়া প্রতিবেদন প্রচার করে। একই বছরে ইরানের সঙ্গে সম্পৃক্ত হ্যাকাররা ইসরায়েলি একটি প্রতিষ্ঠানের তৈরি পানি নিয়ন্ত্রণ সরঞ্জামের পর্দায় ‘ডাউন উইথ ইসরায়েল’ স্লোগান প্রদর্শন করে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোসের সিনিয়র ডিরেক্টর রাফে পিলিং বলেন, হামলাটি তুলনামূলকভাবে তেমন জটিল ছিল না। হ্যাকাররা ফ্রিজের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঢুকতে ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করেছিল। তাঁর মতে, এটি ইরানের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পিলিং বলেন, এখন ধারণা করা হচ্ছে যে ফরাসি হামলা এবং গত সপ্তাহে ইউরোপজুড়ে ঘটে যাওয়া একের পর এক রহস্যজনক ফ্রিজ গলানোর হামলা পরস্পর সম্পর্কিত।
পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক সাইবার অভিযান সাধারণত চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া—এই চার দেশ থেকে আসে। সবার লক্ষ্য ও ধরন আলাদা: চীন শিল্প গুপ্তচরবৃত্তি ও ব্যাপক তথ্য সংগ্রহে মনোযোগী, রাশিয়া শত্রু দেশের অবকাঠামো ব্যাহত করা ও ভুল তথ্য ছড়ানোয়, আর উত্তর কোরিয়া অর্থের প্রয়োজনে ক্রিপ্টো এক্সচেঞ্জ হ্যাক করে। পিলিংয়ের মতে, ইরান তার শত্রুদের প্রতি সতর্কবার্তা পাঠাতে সাইবার হামলা ব্যবহার করতে চায়।
তিনি বলেন, সাধারণভাবে ইরান আন্তর্জাতিকভাবে শক্তি প্রদর্শন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিপক্ষের প্রতি রাজনৈতিক অসন্তোষ জানাতে সাইবার হামলা ব্যবহার করে।
ফ্রিজ হামলার ঘটনা এমন সময় ঘটেছে, যখন যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র সতর্ক করেছে যে দেশটি সাইবার হুমকির এক নতুন মাত্রার ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছে এবং ঘটনার সংখ্যায় ‘বিপুল বৃদ্ধি’ প্রত্যাশা করা উচিত। মূল উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, যা তথ্যপ্রযুক্তি ব্যবস্থার আগে অজানা দুর্বলতা চিহ্নিত করতে এবং হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে সাহায্য করতে সক্ষম।
তবে ফ্রিজ হামলার অন্তর্নিহিত প্রেক্ষাপট কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, ভূরাজনীতি। রেফ্রিজারেশন ব্যবস্থার দুর্বলতাগুলো খুঁজে পাওয়া তুলনামূলকভাবে সহজ ছিল। কিন্তু যুগান্তকারী প্রযুক্তি ও উত্তেজনাপূর্ণ বৈশ্বিক সম্পর্কের সংমিশ্রণ একটি উদ্বেগজনক চিত্র তৈরি করছে।



