বৃষ্টিতে ডুবল গাজার ৭০ হাজার তাঁবু, আশ্রয় ও ত্রাণসংকটে হাজারো বাস্তুচ্যুত মানুষ

ভারী বৃষ্টিতে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশ্রয় হারানোর পাশাপাশি ভিজে গেছে তাঁদের বিছানা, কম্বল ও প্রয়োজনীয় জিনিসপত্র। এমন দুর্ভোগের মধ্যে নতুন করে দেখা দিয়েছে আশ্রয় ও ত্রাণসংকট।
গাজার তাঁবুশিবিরগুলোতে কেউ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তাঁবু মেরামতের চেষ্টা করছেন, কেউ বালু দিয়ে তাঁবুর চারপাশ শক্ত করছেন, যাতে পানি ভেতরে ঢুকতে না পারে। আবার কেউ পানিতে ডুবে যাওয়া তাঁবু থেকে সন্তানদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অন্তত ৭০ হাজার তাঁবু বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশ কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বৃষ্টির কারণে বিপদে পড়া বাসিন্দাদের কাছ থেকে তারা দেড় হাজার জরুরি ফোন পেয়েছে। এ ছাড়া পরিত্যক্ত তিনটি বাড়ি ধসে পড়েছে। তবে এতে কেউ আহত হননি।
বাসিন্দা ওলফাত মাগদুব নিজের তাঁবু থেকে পানি সরানোর চেষ্টা করেও সফল হননি। তিনি বলেন, বৃষ্টির প্রথম দিনেই তাঁবু ডুবে গেছে। দুই সপ্তাহ আগের বৃষ্টিতেও বিছানা ভিজে যাওয়ায় তাঁকে চার দিন মেঝেতে কম্বল বিছিয়ে ঘুমাতে হয়েছিল। এবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় শহর কর্তৃপক্ষ ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, জ্বালানির অভাব এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের হামলায় পানি সরানোর পাম্পসহ শত শত যানবাহন ও বুলডোজার ধ্বংস হয়েছে বলে অভিযোগ তাঁদের।
হামাসের অভিযোগ, ইসরায়েল গাজায় তাঁবু ও নির্মাণসামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর ত্রাণ সমন্বয়কারী সংস্থা কোগাট এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি।
বৃষ্টির পানিতে তাঁবু ডুবে যাওয়ায় গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর সামনে আশ্রয় ও ত্রাণের সংকট নতুন করে প্রকট হয়ে উঠেছে।


