অভিযোগে তদন্ত কমিটি ও শোকজেই সীমাবদ্ধ ঢাবি প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তদন্ত কমিটি গঠন, কারণ দর্শানোর নোটিশ (শোকজ) কিংবা সাময়িক বরখাস্তের মতো পদক্ষেপেই সীমাবদ্ধ থাকছে প্রশাসন।
নির্ধারিত সময় পার হয়ে গেলেও অধিকাংশ ঘটনার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ, অভিযোগের নিষ্পত্তি বা কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে অভিযোগের সুষ্ঠু বিচার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
দীর্ঘদিন ধরে তদন্ত আটকে থাকা বিষয়গুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী ভূমিকার অভিযোগে শিক্ষকদের ভূমিকা তদন্ত, বিভিন্ন হলে শিক্ষার্থী নির্যাতন এবং বহিরাগতদের অবৈধ সংশ্লিষ্টতার ঘটনা। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগগুলোর ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।
জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী ভূমিকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিন্ডিকেট। 'ফ্যাসিবাদবিরোধী শিক্ষক' প্ল্যাটফর্মের জমা দেওয়া ২৩১ জন শিক্ষকের তালিকা এ তদন্তের আওতায় আনা হয়েছে। একইসঙ্গে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আওয়ামীপন্থি শিক্ষক সংগঠন 'নীল দল'-এর 'বিতর্কিত' কর্মকাণ্ড ও সম্পৃক্ততা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
অপরদিকে, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত দীর্ঘ ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব নিয়োগ পর্যালোচনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এসব ঘটনা দীর্ঘদিন পর্যালোচনা ও তদন্তেই সীমাবদ্ধ রয়েছে।
গত ১৬ আগস্ট ফজলুল হক হলে শিক্ষার্থী নির্যাতন এবং প্রভোস্ট অফিসে বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভিসি, প্রক্টর ও প্রভোস্টকে আটকে রাখার ঘটনায় প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও তা জনসম্মুখে আনা হয়নি।
এদিকে, প্রভোস্টের কক্ষ তালাবদ্ধ ও সিলগালা করার অভিযোগে হল সংসদের ভিপিসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়, যাদের মধ্যে অভিযোগকারী শিক্ষার্থীও অন্তর্ভুক্ত ছিলেন। তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে অভিযুক্ত প্রভোস্টকে স্বপদে বহাল রাখা হয়েছে। ডাকসুর পক্ষ থেকে প্রভোস্টের অপসারণসহ পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও প্রভোস্টকে অপসারণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্রশিবির নেতা ইব্রাহীম খলিল শিকদারের কক্ষে গত ২৭ জুলাই দুই বহিরাগত যুবকের বিরুদ্ধে সমকামিতায় জড়িত থাকার অভিযোগ ওঠে। পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের গঠন করা পাঁচ সদস্যের তদন্ত কমিটি হলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও, এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশ কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো তথ্য সামনে আসেনি।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ছবি ও ভিডিও দিয়ে যৌন হয়রানির অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনের ছেলের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে এর প্রতিবাদে গত ৩ নভেম্বর বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের বিরুদ্ধে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে রয়েছে, প্রশাসনের অনুমোদন ছাড়া 'ফিমেল জোন' উদ্বোধন, বিএনপিপন্থি শিক্ষককে টিএসসির উপদেষ্টা পদ থেকে সরানোর চেষ্টা, তোফাজ্জল হত্যা মামলার আসামিকে গেস্ট হাউসে থাকার সুযোগ দেওয়া, অফিসে দীর্ঘ অনুপস্থিতি, কেনাকাটায় আর্থিক অনিয়ম, কর্মচারীদের ব্যক্তিগত কাজে ব্যবহার ও মারধর এবং সংবাদ চাপা দিতে সাংবাদিকদের অর্থ দেওয়ার প্রস্তাব করা।
অনুমোদন ছাড়া 'ফিমেল জোন' উদ্বোধনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পাশাপাশি, স্থায়ী চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ দাবি ও বাসাবাড়ির কাজ করানোর অভিযোগে কর্মচারী ফরিদা বেগম উপাচার্যের কাছে এবং কর্মস্থলে বাধা দেওয়ার অভিযোগে শেখ মো. জসিম নামের এক কর্মচারী রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ রয়েছে, পাল্টা ব্যবস্থা হিসেবে ফারজানা বাসার তার ফুফাতো ভাই ও ছাত্রদল নেতা মেহেদী হাসান মুন্নাকে দিয়ে কর্মচারী জসীমের বিরুদ্ধে অভিযোগ করান। ওই অভিযোগের ভিত্তিতে গঠিত সত্যানুসন্ধান কমিটিতে স্বয়ং ফারজানা বাসারকেই সদস্য হিসেবে রাখা হয়। গত ৫ নভেম্বর এই কমিটি টিএসসির যে ১১ জন কর্মচারীর বক্তব্য গ্রহণ করে, তারা সবাই ফারজানা বাসারের নিজ বলয়ের অনুগত বলে অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ইস্রাফিল প্রাং কর্মচারীদের বিষয়ে জানেন না বলে জানা। তিনি জানান, ফারজানা বাসার ছাত্রনেতার স্ত্রী হওয়ায় যেমন তার ওপর চাপ আসতে পারে, তেমনি তিনি ক্ষমতার চর্চাও করতে পারেন। ১১ জন কর্মচারীর বিষয়ে জানতে চাইলে, ফারজানা বাসার কোনো মন্তব্য করতে চাননি।
এদিকে, সত্যানুসন্ধান কমিটিতে বক্তব্য দেওয়া সিকিউরিটি গার্ড মো. মাসুমের কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে তাকে আফসোস করে বলতে শোনা যায়, অফিস প্রধানের বিরুদ্ধে গিয়ে সত্য বলার ক্ষমতা বা ঐক্য কর্মচারীদের নেই।
শাহবাগ থানার ভেতরে অন্তত ১০ জন সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনার পর ছয় মাস পেরিয়ে গেলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইভাবে, ২০২৪ সালের ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফার বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা করার অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীনের বিরুদ্ধে ১২ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি গঠন হয়। চলতি বছরের মে মাসের সেই ঘটনার তদন্ত প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি।
সার্বিক এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আল ফেসানী জানান, ফজলুল হক হলের ঘটনার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে এবং আগামী ১০ তারিখের সিন্ডিকেট সভায় বিষয়টি উঠতে পারে। টিএসসি পরিচালক ফারজানা বাসারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য উপাচার্যের কাছে পাঠানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী আওয়ামীপন্থি শিক্ষক ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন না পাওয়ায় এখনো বিস্তারিত বলতে পারছি না। আমি তদন্ত শাখার প্রধান (ডেপুটি রেজিস্ট্রার) আইয়ুব আলীকে ডেকেছি। তাকে আর এক মাস সময় দিয়েছি। ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান তিনি। তবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী সিন্ডিকেট সভার এজেন্ডাভুক্ত করা হয়েছে বলেও জানান উপাচার্য।
