…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কারাগারে ধর্মচর্চায় মাদুরো, স্ত্রীর শারীরিক অবস্থা উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক
কারাগারে ধর্মচর্চায় মাদুরো, স্ত্রীর শারীরিক অবস্থা উদ্বেগজনক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্ম ও দর্শনচর্চায় বেশি সময় দিচ্ছেন। বাইবেল, কোরআনসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ার পাশাপাশি একজন ক্যাথলিক যাজক ও একজন রাবাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করছেন তিনি।

কারাগারে মাদুরোর জীবনযাপন নিয়ে ছয়জনের দেওয়া তথ্যের ভিত্তিতে এমন চিত্র উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশিত হয় রোববার (৮ নভেম্বর)।

প্রতিবেদনে বলা হয়, বন্দী অবস্থায় মাদুরোর হাতে এখন অনেক অবসর সময়। সেই সময়ের বড় একটি অংশ তিনি ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পাঠে ব্যয় করছেন।

মাদুরো প্রকাশ্যে দাবি করেছেন, তাঁর পূর্বপুরুষদের মধ্যে সেফার্ডিক ইহুদি বংশধারা রয়েছে। গত শতকে ডাচ অ্যান্টিলিস থেকে তাঁর পূর্বপুরুষেরা ভেনেজুয়েলায় এসেছিলেন বলে দাবি করেন তিনি। তবে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি মাদুরোর বিশেষ কোনো আগ্রহ দেখা যায়নি।

ক্ষমতায় থাকাকালে মাদুরো নিজেকে ক্যাথলিক ধর্মাবলম্বী হিসেবে পরিচয় দিতেন। সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী একজন ক্যাথলিক যাজকের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

তিনি, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ ভারতীয় আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন। একই সঙ্গে ইভানজেলিক্যাল খ্রিস্টানদের সমর্থন পাওয়ার চেষ্টাও করেছিলেন তিনি।

বর্তমানে ৬৩ বছর বয়সী মাদুরো যুক্তরাষ্ট্রে মাদক পাচারসংক্রান্ত গুরুতর অভিযোগে বিচারের অপেক্ষায় রয়েছেন। তাঁর বিরুদ্ধে হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারে সহায়তার অভিযোগ রয়েছে। আগামী বছর তাঁর বিচার শুরু হওয়ার কথা। তবে মাদুরো ও তাঁর স্ত্রী উভয়ই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রী ৭০ বছর বয়সী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে থাকার সময় মাদুরোর উল্লেখযোগ্য ওজন কমেছে। কারাগারের নিম্নমানের খাবার তাঁর ওজন কমার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে বলে মনে করছেন তাঁর খাদ্যাভ্যাস সম্পর্কে অবগত ব্যক্তিরা। সাম্প্রতিক মাসগুলোতে খাবারের মান নিয়েও অভিযোগ করেছেন তিনি।

তবে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও উদ্বেগজনক। আদালতের নথি অনুযায়ী, জানুয়ারিতে গ্রেপ্তারের সময় জরায়ু অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন তিনি। কারাগারে বুকের ব্যথার জন্য তাঁকে নাইট্রোগ্লিসারিন দেওয়া হচ্ছে। এ ছাড়া দুটি দাঁত হারানোর পাশাপাশি ২৫ পাউন্ডের বেশি ওজন কমেছে তাঁর, যা প্রায় ১১ কেজির সমান।

আদালতের নথিতে আরও বলা হয়েছে, ফ্লোরেসকে প্রথম তিন মাস নির্জন কারাবাসে রাখা হয়েছিল। পরে সাধারণ বন্দীদের সঙ্গে থাকার জন্য স্থানান্তর করা হলে বন্দীদের মধ্যে সংঘর্ষ থামাতে ব্যবহৃত পেপার স্প্রের প্রভাবে তিনি অসুস্থ হন। তাঁর আইনজীবীদের ধারণা, গত জুলাইয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন ফ্লোরেস। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করেন বিচারক আলভিন কে হেলারস্টেইন। ৯২ বছর বয়সে গত মাসে তাঁর মৃত্যুর পর মামলাটির দায়িত্ব পেয়েছেন বিচারক অ্যানালিসা টরেস।

লাতিন আমেরিকার আরও কয়েকজন নেতার ধর্মীয় আগ্রহের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরেছে নিউইয়র্ক টাইমস। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তোরাহ পাঠ করেন। অন্যদিকে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাভারে এক রাতে দুই বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের
আইন ও অপরাধ

সাভারে এক রাতে দুই বাসে আগুন, নাশকতার সন্দেহ পুলিশের

ঢাকার সাভারে এক রাতে দুটি বাসে আগুন লেগেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দেওয়া হয়েছে বলে অভ…

আইন ও অপরাধ

৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত, রায় হাইকোর্টের

চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখের বেশি হলে সেটির বিচার করবে যুগ্ম…

বেগমগঞ্জে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বোনজামাই গুরুতর আহত
আইন ও অপরাধ

বেগমগঞ্জে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, বোনজামাই গুরুতর আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।…

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া ঈদগাহ মাঠের সামনে ককটেল বিস্ফোরণে দুই পথচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুল…