৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত, রায় হাইকোর্টের
চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখের বেশি হলে সেটির বিচার করবে যুগ্ম জেলা জজ আদালত। এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
সোমবার ৯ নভেম্বর আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী বলেন, গত ১০ এপ্রিল সরকার সংশোধনী এনে জানায়, ৫ লাখ টাকার ঊর্ধ্বে মামলাগুলো যুগ্ম দায়রা আদালত বিচার করবে, আর ৫ লাখ টাকা পর্যন্ত বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু আদালতে সেটা কার্যকর হচ্ছিল না।
তিনি বলেন, জয়পুরহাটের একটি মামলায় গত ২৮ অক্টোবর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চে একটি মামলা করেন তিনি। সেটি ছিল ১ লাখ ৮৬ হাজার টাকার চেক ডিজঅনারের মামলা। মামলাটি যুগ্ম দায়রা আদালতে বিচারাধীন ছিল।
আইনজীবী আরও বলেন, তিনি আইনকে চ্যালেঞ্জ করে একটি ৫৬১(এ) মামলা করেন। ওই মামলাটির রায়ের তারিখ ছিল ২৯ অক্টোবর। তখন আদালত একটি সংক্ষিপ্ত রুল দেন।
গতকাল সেই রুলের শুনানি শেষ হয় এবং আদালত রুলটি চূড়ান্ত করেন। আদালত বলেন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১-এর সংশোধনী, যেটি হয়েছিল ১০ এপ্রিল, তার আলোকে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার করবে ম্যাজিস্ট্রেট আদালত, আর ৫ লাখ টাকার উপরে বিচার করবে যুগ্ম দায়রা আদালত।
আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বলেন, বর্তমানে যুগ্ম দায়রা আদালতে ৫ লাখ টাকা বা তার নিচে যে মামলাগুলো বিচারাধীন রয়েছে, সংশোধনীর মতে সেই মামলাগুলোর বিচার করার এখতিয়ার যুগ্ম দায়রা জজ হারিয়ে ফেলেছেন।
এই রায়ের ফলে চেক ডিজঅনারের ছোট অঙ্কের মামলাগুলো এখন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হবে বলে আশা করা হচ্ছে। এতে মামলার বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ৫ লাখ টাকার বেশি অঙ্কের মামলাগুলো যুগ্ম জেলা জজ আদালতে বিচার হবে, যা আগের সংশোধনীর সঙ্গে সঙ্গতিপূর্ণ। আদালতের এই ব্যাখ্যা চেক ডিজঅনারের মামলার এখতিয়ার নিয়ে চলমান বিভ্রান্তি দূর করবে বলে আশা করা যায়।


