রাজস্ব খাতে অন্তর্ভুক্তিসহ চার দফা দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন
রাজধানীর সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তিসহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কর্মচারী নেতারা বলেন, সাত কলেজের বেসরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলে কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনের আহ্বায়ক মো. দুলাল সর্দার বলেন, সরকারি কলেজে কর্মরত হয়েও তাঁদের বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করতে হচ্ছে। অথচ কলেজের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম সচল রাখা, পরীক্ষার বিভিন্ন দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ কাজগুলোতে বেসরকারি কর্মচারীরাই প্রধান ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, শিক্ষকদের পাশাপাশি কলেজের ভালো ফলাফল ও সুনামের পেছনেও তাঁদের অবদান রয়েছে।
দুলাল সর্দার বলেন, বর্তমানে একজন বেসরকারি কর্মচারী মাসে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পান। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এত সামান্য বেতন দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন।
তিনি বলেন, এই কলেজগুলো থেকে অনেক চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রী ও সচিব তৈরি হয়েছেন। অথচ কর্মচারীদের পরিবারগুলোর জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, তাঁদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। তা সম্ভব না হলে ঘোষিত পে-স্কেলের আওতায় বেতন-ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের সব বেসরকারি কর্মচারীকে অন্তর্ভুক্ত করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আত্মীকরণ কিংবা জাতীয়করণ—যেভাবেই হোক, আমাদের বাঁচার মতো একটি ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে সরকারের কাছে চার দফা দাবি জানানো হয়। প্রথম দাবি, সরকারি সাত কলেজের সব কর্মরত বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। দ্বিতীয় দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।
তৃতীয় দাবি, রাজস্ব খাতে না নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে হবে। চতুর্থ দাবি, সাত কলেজের সব কর্মরত কর্মচারীর ছাঁটাই বন্ধ করতে হবে।
