সেনেগাল উপকূলে নৌকাডুবিতে নিহত অন্তত ৩৪, ক্যানারি দ্বীপপথে মৃত্যুর মিছিল থামছে না

সেনেগাল উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা জানা যায়নি।
সেনেগালের সংবাদ সংস্থা এপিএস সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
ছোট কাঠের নৌকাটি রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মাঝামাঝি এলাকায় উল্টে যায়। নৌকাটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল।
সেনেগালের অভিবাসী সহায়তা সংস্থা বোজা ফির প্রতিষ্ঠাতা সালিউ দিউফ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহগুলো সবই সেনেগালের নাগরিক। নৌকায় থাকা অন্যদের জাতীয়তা এখনো নিশ্চিত হয়নি। অনুসন্ধান অভিযান চলছে।
সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি সেনেগালের নাগরিকদের বিপজ্জনক সমুদ্রযাত্রায় জীবনের ঝুঁকি না নেওয়ার আহ্বান জানান। তিনি এই যাত্রাগুলো আয়োজনকারী চক্রগুলো ভেঙে দেওয়ার তৎপরতা জোরদারের প্রতিশ্রুতিও দিয়েছেন।
তিনি বলেন, ‘যারা এসব যাত্রার আয়োজন করে, তাদের বিরুদ্ধে লড়াই আমরা নিরলসভাবে চালিয়ে যাব। আর আমাদের তরুণদের এখানে আশা করার কারণ দেওয়ার কাজও চলবে।’
স্পেনের অভিবাসী অধিকার সংস্থা ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়া আটলান্টিক পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। সংস্থাটির নজরদারিতে থাকা পথগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
ওয়াকিং বর্ডারসের হিসাবে, ওই সময়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো প্রতি ১০০ জনে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে।
সেনেগালের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার আরেকটি নৌকা আটক করা হয়েছে। ওই নৌকায় স্পেনের দিকে যাওয়ার চেষ্টা করা ১৪২ জন অভিবাসী ছিলেন। তাঁদের মধ্যে ২৩ জন নারী, দুটি শিশু ও আরও দুটি শিশু ছিল। পুলিশ জানিয়েছে, ওই দলে সেনেগাল, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি ও নাইজেরিয়ার নাগরিক ছিলেন।
এদিকে শনিবার স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ দ্বীপটিতে পৌঁছেছেন।
ক্যানারি দ্বীপপুঞ্জ পশ্চিম আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের একটি বড় পথ হয়ে উঠেছে। উত্তর আফ্রিকার দেশগুলোর সঙ্গে ইউরোপের দেশগুলোর কড়াকড়ি ও সহযোগিতা বাড়ার কারণে অনেক যাত্রা মধ্য ভূমধ্যসাগরের পথ থেকে সরে আটলান্টিকের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, সীমিত কর্মসংস্থানের সুযোগ, পারিবারিক চাপ ও প্রতিষ্ঠিত অভিবাসন নেটওয়ার্ক মানুষকে সেনেগাল ছাড়তে বাধ্য করছে। অনেক তরুণের কাছে বিদেশে কাজ পাওয়া ও বেশি আয় করার সম্ভাবনা এখনো বড় আকর্ষণ, যদিও ভিড়ভাট্টা নৌকায় আটলান্টিক পাড়ি দেওয়া ভীষণ ঝুঁকিপূর্ণ।
দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সেনেগালের প্রায় চার ভাগের এক ভাগ তরুণ বেকার ছিলেন। এই সংখ্যাটি প্রেসিডেন্ট ফায়ের সরকারের সামনে থাকা চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেয়—তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যাঁদের বড় অংশ ২০২৪ সালের নির্বাচনে তাঁকে ভোট দিয়েছিলেন।
রোববার দেওয়া এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করাসহ মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত থাকবে।



