ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী রাসেল ব্র্যান্ডের সাজা ঘোষণা আজ

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর আজ সোমবার সাজা ঘোষণা হতে যাচ্ছে ব্রিটিশ কৌতুক অভিনেতা ও সাবেক হলিউড তারকা রাসেল ব্র্যান্ডের। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সাজা ঘোষণার কার্যক্রম শুরু হবে।
আট পুরুষ ও চার নারী সদস্যের জুরি গত সপ্তাহে আট ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পর সর্বসম্মত রায়ে সাতটি অভিযোগের মধ্যে চারটিতে ব্র্যান্ডকে দোষী সাব্যস্ত করেন। তাঁকে একবার ধর্ষণ ও তিনবার যৌন নিপীড়নের দায়ে দোষী পাওয়া গেছে। দুটি ধর্ষণের অভিযোগ ও একটি ধর্ষণচেষ্টার অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে চার নারীর বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছিল — মধ্য লন্ডনের একটি বার, একটি রেডিও স্টেশন, একটি রেকর্ডিং স্টুডিও এবং হ্যাম্পস্টেডে তাঁর সাবেক বাড়িসহ বিভিন্ন স্থানে।
২০০৪ সালে সোহোর একটি বারে এক সহকর্মীর জন্মদিনের পার্টিতে এক নারীকে যৌন নিপীড়নের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে; তবে বাথরুমে তাঁকে মৌখিকভাবে ধর্ষণের অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন। ২০০৪ বা ২০০৫ সালে লন্ডনের একটি রেডিও স্টেশনে আরেক নারীকে চুমু খাওয়া ও অশালীনভাবে স্পর্শ করার দায়েও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
তাঁর একটি শোয়ের ব্যাকস্টেজে পরিচয়ের পর নিজের বাড়িতে এক ভক্তকে ধর্ষণের দায়েও তাঁকে দোষী পাওয়া গেছে।
ব্র্যান্ড সব অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং আদালতকে বলেছিলেন, তিনি কখনো কারও সম্মতি ছাড়া যৌন সম্পর্ক করেননি বলে বিশ্বাস করেন। কিন্তু জুরি তাঁকে অপরাধী বলে রায় দিয়েছে।
চার সপ্তাহের বিচার চলাকালে কৌঁসুলিরা যুক্তি দিয়েছিলেন, ব্র্যান্ড ছিলেন একজন ‘নিষ্ঠুর, হিসাবি, কারসাজি করা যৌন শিকারি’, যিনি নারীদের নিরলসভাবে অনুসরণ করতেন এবং তাঁদের কাছ থেকে যৌন সুবিধা আদায়ে নিজের খ্যাতি ও ক্ষমতাকে কাজে লাগাতেন।
তিন সন্তানের বাবা, ৫১ বছর বয়সী এই তারকা গত বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। বিচারক তাঁর জামিন নাকচ করে দিয়েছেন, কারণ তিনি পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে রায় দিয়েছেন।
গত সপ্তাহে বিচারক জোয়েল বেনাথান সতর্ক করে বলেছিলেন, ব্র্যান্ডের জন্য ‘উল্লেখযোগ্য’ কারাদণ্ড অপেক্ষা করছে। আজকের সাজা ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার চূড়ান্ত অধ্যায় শেষ হবে।



