ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘জয়ী’, নতুন হামলার সম্ভাবনা কম: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘জয়ী’ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নতুন করে লড়াই শুরু হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।
রোববার ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে জিতেছি। এখন শুধু বিষয়টি গুটিয়ে আনার পালা।’ একই সময়ে হরমুজ প্রণালির কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ট্রাম্প আরও বলেন, ইরান আর্থিক ও সামরিকভাবে ভেঙে পড়ছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি রয়েছে এবং বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ অবকাঠামোগত লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে।
তিনি দাবি করেন, ‘তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। এই বছর মুদ্রাস্ফীতি ৩০১ শতাংশ হয়েছে, আপনারা দেখেছেন। আর্থিকভাবে তারা শুকিয়ে যাচ্ছে। আমরা তাদের সামরিকভাবে আঘাত করেছি। চাইলে তাদের শেষ করে দিতে পারি।’ ইরানের সরকারি পরিসংখ্যানে অবশ্য সেপ্টেম্বরে বছরে মুদ্রাস্ফীতি প্রায় ৯০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
সম্ভাব্য হামলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ‘তারা খুব শক্তিশালী একটি চুক্তিতে সই করে কি না, তার ওপর নির্ভর করছে’ বলে জানান ট্রাম্প।
তিনি বলেন, ‘আমাদের নজরে ৩৮টি সেতু রয়েছে, যেগুলো আমরা আক্ষরিক অর্থে এক ঘণ্টায় ধ্বংস করে দিতে পারি।’ তবে তিনি এতে অনিচ্ছুক বলে জানান। ‘সেতু ভেঙে ফেলা আমার পছন্দ নয়,’ বলেন তিনি। ইরানের অবকাঠামো পুনর্নির্মাণে এক দশক লেগে যেতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
‘প্রয়োজন হলে আমি করব, কিন্তু আমরা তাদের খুব শক্ত আঘাত করেছি। আমি তাদের এত শক্ত আঘাত করেছি, আপনারা জানেন না কতটা শক্ত,’ বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো প্রাণহানি হয়নি। ‘আবারও বলছি, আমরা কাউকে হারাইনি। কোনো সেনা নয়,’ বলেন তিনি। তবে পেন্টাগনের সরকারি হিসাবে ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় মাহশাহর, কেশম, সিরিক ও বান্দর আব্বাসে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের তাসনিম সংবাদ সংস্থা নিশ্চিত করেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র কেশম দ্বীপে আঘাত হেনেছে। সংস্থাটি জানায়, হরমোজগান প্রদেশের অন্য কোনো এলাকায় হামলা হয়নি। বান্দর আব্বাস ও সিরিকে শোনা শব্দ হরমুজ প্রণালিতে ইরানের নিরাপত্তা অভিযানের সঙ্গে সম্পর্কিত ছিল।
এর আগে ইরানের নৌবাহিনী জানায়, প্রণালি পার হওয়ার সময় একটি তেলবাহী জাহাজ নৌ-মাইনের আঘাতে আগুন ধরে যায়। জাহাজটি ‘নিষিদ্ধ রুটে’ চলছিল বলে জানায় নৌবাহিনী। মার্কিন নৌ-নির্দেশনায় প্রণালির দক্ষিণ রুটে চলাচলকারী জাহাজকে ইরান নিয়ম লঙ্ঘন বলে মনে করে।
শনিবার সেন্টকম জানায়, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। সেন্টকমের ভাষ্য, জাহাজটি বারবার ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানায়, প্রণালি পার হওয়ার সময় মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়।
শনিবার সেন্টকম নতুন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দেয়। সেন্টকম জানায়, এই টাস্কফোর্স ইরানকে স্থলপথে উন্নত অস্ত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর থেকে বিরত রাখতে মার্কিন সরকারের চলমান প্রচেষ্টায় সহায়তা করবে। ট্রাম্প পরে বলেন, এই বাহিনী পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং ইতিহাসের সবচেয়ে বড় নৌ-অবরোধের পাশাপাশি অভিযান চলছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্য নয়, কিছু ক্ষেত্রে ‘অতিরঞ্জিত, হাস্যকর ও সত্যিই অবাস্তব’। তিনি জানান, আলোচনায় কোনো অগ্রগতি হয়নি এবং এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো খুব একটা গঠনমূলক হয়নি।
রুবিও আরও বলেন, ‘আমি বলব না যে আমরা কোনো অগ্রগতির দ্বারপ্রান্তে আছি। ট্রাম্প সবসময় প্রতিটি সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করতে চান। কখনো কখনো তা সম্ভব হয় না।’ তিনি বলেন, ‘তবে সুযোগ থাকলে আমরা তা খুঁজে দেখব। এখন পর্যন্ত তা খুব একটা ফলপ্রসূ হয়নি।’ হরমুজ প্রণালিতে মার্কিন পদক্ষেপগুলো আত্মরক্ষামূলক ছিল বলেও জানান তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার রুবিওর বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘ইরানি জাতির অধিকার ও স্বার্থ অনুসরণ করা অযৌক্তিক নয়।’ তিনি বলেন, কোনো আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে নিষেধাজ্ঞা, নৌ-অবরোধ ও সব ফ্রন্টের যুদ্ধ শেষ করতে হবে। প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনতে ইরানের দুই দিনের প্রস্তাব এখনো টেবিলে রয়েছে বলেও জানান তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় মধ্যস্থতা প্রক্রিয়াকে থামিয়ে দিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মধ্যস্থতাকারীরা কয়েক দিন ভ্রমণ করেননি। তিনি এক্সে লেখেন, যুক্তরাষ্ট্রকে এখন ইরানের শর্ত মেনে নেওয়া অথবা যুদ্ধ পুনরায় শুরু করার মধ্যে একটি বেছে নিতে হবে। তেহরানের দুই দিনের প্রস্তাব এখনো উন্মুক্ত রয়েছে।
কাতার জানায়, আঞ্চলিক উত্তেজনা কমানো নিয়ে ট্রাম্প আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। হোয়াইট হাউস জানায়, ট্রাম্প হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন।
সিবিএসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু মধ্যবর্তী নির্বাচনের ফল তেহরানকে কিছুটা আশা দিয়েছে। তিনি বলেন, তিনি যুদ্ধ তীব্র করতে চান না এবং এর কোনো কারণও দেখছেন না।
ট্রাম্প আরও বলেন, ইরানের একটি অঘোষিত ভূগর্ভস্থ স্থাপনা যুক্তরাষ্ট্রের নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনে এক ঘণ্টার মধ্যে সেখানে হামলা চালানো সম্ভব। তবে এখনই তা প্রয়োজন নয় বলে জানান তিনি।



