ফ্রান্সে শিশু-কিশোরদের দিয়ে খুন করাচ্ছে মাদকচক্র, বিবিসির অনুসন্ধানে ভয়াবহ চিত্র

ফ্রান্সের মার্সেই শহরে মাদক ব্যবসার বিস্তার ঘটাতে শিশু-কিশোরদের নিয়োগ করছে ভয়ংকর অপরাধী চক্রগুলো। প্রথমে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তাদের মাদক বিক্রিতে যুক্ত করা হচ্ছে। পরে অপহরণ, নির্যাতন এমনকি হত্যাকাণ্ডেও ব্যবহার করা হচ্ছে তাদের।
সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে কিশোরদের সংগ্রহ করছে এসব চক্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মাদক সাম্রাজ্যের ভয়াবহ এই চিত্র।
প্রতিবেদনে বলা হয়, মার্সেইয়ের ফ্রেইস-ভালোঁ আবাসিক এলাকায় ২০২২ সালে এক মাদক বিক্রেতার কাছ থেকে গাঁজা কেনেন এক নারী। মাদকের সঙ্গে বিক্রেতা তাঁকে একটি চিরকুটও দেন। তাতে লেখা ছিল, 'আমাদের বন্দী করে রাখা হয়েছে। সাহায্য প্রয়োজন। আমাদের বয়স ১৫ বছর।'
ওই কিশোরসহ আরও একজনকে মাদকচক্রের সদস্যরা আটকে রেখেছিল। প্রথমে অর্থ উপার্জনের আশায় তারা চক্রটিতে যোগ দিয়েছিল। একজনের দায়িত্ব ছিল অর্থ সামলানো, অন্যজন মাদক বিক্রি করত।
কিন্তু বিক্রির টাকার হিসাব নিয়ে সন্দেহ তৈরি হলে তাদের ওপর শুরু হয় নিয়মিত নির্যাতন। ক্যামেরার সামনে নগ্ন হয়ে নাচতে বাধ্য করে ব্ল্যাকমেলও করা হয়। একজনকে ধর্ষণ করা হয়। পরে পালানোর চেষ্টা করলে একজনকে ধরে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, মার্সেইয়ের সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন 'ডিজেড মাফিয়া' এখন শিশু-কিশোরদের নিয়োগের মাধ্যমে নিজেদের অপরাধের পরিধি বাড়াচ্ছে।
২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বিবৃতি প্রকাশ করে নিজেদের পরিচিতিকে অপরাধী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে সংগঠনটি। আলজেরিয়ায় আটক সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ফরাসি-আলজেরীয় নাগরিক মেহদি লারিবি।
ফ্রান্সের মাদকবিরোধী ইউনিটের প্রধান দিমিত্রি জুলাসের তথ্যমতে, দেশটিতে কোকেন ব্যবহারকারীর সংখ্যা ২০১৭ সালের ছয় লাখ থেকে বেড়ে প্রায় ২০ লাখে পৌঁছানোর পথে। মাদক পাচারের মাধ্যমে বছরে প্রায় ৭০০ কোটি ইউরো আয় হয়। এ ব্যবসায় জড়িত প্রায় দুই লাখ মানুষ। ২০২৫ সালে মাদক পাচারের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে ১০ হাজারের বেশি শিশু।
মাদকচক্রের নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে সাবেক সদস্য ২০ বছর বয়সী ক্যামিল জানান, তরুণদের মনস্তত্ত্ব বুঝে তাদের চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেয় চক্রগুলো। দামি গাড়ি, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, মাদক ও যৌনসঙ্গীর প্রলোভন দেখানো হয়। একবার চক্রের প্রতি আনুগত্য তৈরি হলে বেরিয়ে আসা কঠিন। দুর্বলতা খুঁজে পেলে সেটিকেই কাজে লাগিয়ে সদস্যদের নিয়ন্ত্রণ করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারাগারে থাকা ডিজেড মাফিয়ার সদস্য আদম (ছদ্মনাম) বিবিসিকে জানান, নিজের নির্মমতা ও নির্দয় আচরণের কারণে তিনি চক্রের ওপরের দিকে উঠে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি বলেন, হত্যার ধরন কখনো প্রকাশ্য দিবালোকে, কখনো যানজটের মধ্যে সংঘটিত হয়েছে। এসব ঘটনায় আংশিক অপরাধবোধ থাকলেও অনুশোচনা নেই বলে দাবি করেন তিনি।
এই অপরাধের নির্মম শিকার ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে পালানো হুগো। ফ্রান্সের উত্তরাঞ্চলের নর্দ বিভাগের বাসিন্দা হুগো ২০২৩ সালে মার্সেইয়ে রেস্তোরাঁয় কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। তিন সপ্তাহ পর তাঁর মাকে চিকিৎসক ফোন করে জানান, হুগোর মাথায় গুলি লেগেছে।
পুলিশ ধারণা করছে, মাদকচক্রের নিয়ন্ত্রিত এলাকা থেকে তাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। যে রেস্তোরাঁয় কাজের কথা বলেছিলেন হুগো, সেখানে তাঁর নামে কোনো নিয়োগের তথ্যও পাওয়া যায়নি।



