…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

মার্কিন কারাগারে বাইবেল-কোরআন পড়ে দিন কাটছে মাদুরোর

নিজস্ব প্রতিবেদক
মার্কিন কারাগারে বাইবেল-কোরআন পড়ে দিন কাটছে মাদুরোর
ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক অভিযানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের জেলে বন্দী হওয়ার পর এক বছর কাটতে না কাটতেই ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জীবনে এসেছে বড় ধরনের পরিবর্তন। ৬৩ বছর বয়সী মাদুরো এখন ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী দিন কাটাচ্ছেন।

কারাগারের চার দেয়ালের মধ্যে অবসর সময় কাটাতে গিয়ে ভেনেজুয়েলার সাবেক এই সমাজতান্ত্রিক নেতা এখন ধর্মীয় ও দার্শনিক বইপাঠে ডুবে রয়েছেন। মাদুরোর বর্তমান জীবন সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এই তথ্য সামনে এসেছে।

গোপনীয়তার শর্তে সূত্রগুলোর বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, কারাবন্দী হওয়ার পর থেকে মাদুরো তাঁর দিনের বেশির ভাগ সময় বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, বিশেষ করে বাইবেল ও পবিত্র কোরআন পড়ে কাটাচ্ছেন। এ ছাড়া তিনি নিয়মিত কারাগারের যাজক এবং একজন ইহুদি রাব্বির সঙ্গেও ধর্মীয় বিষয়ে আলোচনা করছেন।

রাজনৈতিক ক্যারিয়ারে ক্যাথলিক খ্রিষ্টান হিসেবে পরিচিত মাদুরো ভেনেজুয়েলার দ্রুত বর্ধনশীল ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের ভোট পেতে সব সময় সচেষ্ট ছিলেন। পাশাপাশি তিনি, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত বিতর্কিত গুরু সত্য সাঁই বাবার অনুসারী ছিলেন।

তবে প্রকাশ্যে নিজেকে ইহুদি বংশোদ্ভূত (সেফার্ডিক জুইশ) দাবি করলেও কারাবন্দী হওয়ার আগে ইহুদি ধর্মের প্রতি কোনো বিশেষ আগ্রহ দেখাননি মাদুরো। মার্কিন জেলে যাওয়ার পরই রাব্বির সঙ্গে তাঁর এই ধর্মীয় মেলবন্ধন শুরু হলো।

উল্লেখ্য, লাতিন আমেরিকার শীর্ষ নেতাদের মধ্যে ধর্মের প্রতি এমন ঝোঁক নতুন নয়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই নিয়মিত তোরাহ (ইহুদি ধর্মগ্রন্থ) পাঠ করেন এবং মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল সফর করেন।

নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত আনুমানিক ১ হাজার ৩০০ বন্দীর এই মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি দীর্ঘদিন ধরে সহিংসতা ও চরম কর্মী সংকটে ভুগছে। অতীতে র‍্যাপার শন কম্বস (পি ডিডি), ক্রিপ্টো-কিং স্যাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইগি মাঙ্গিওনের মতো হাই-প্রোফাইল বন্দীরা এই কারাগারে ছিলেন।

তথ্য অনুযায়ী, কারাগারে আসার পর মাদুরো দ্রুত ওজন হারিয়েছেন। প্রেসিডেন্ট থাকাকালীন তিনি 'প্যালিও ডায়েট' (প্রস্তর যুগের খাবারের প্যাটার্ন) অনুসরণ করতেন। তবে কারাগারে নিম্নমানের খাবারের কারণে সাম্প্রতিক মাসগুলোতে তিনি অনেকটাই রোগা হয়ে গেছেন এবং খাবার নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন।

মাদুরোর স্ত্রী, ভেনেজুয়েলার ৭০ বছর বয়সী সাবেক ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও বেশি সংকটাপন্ন। আদালতের নথি অনুযায়ী, গ্রেপ্তারের সময় জরায়ু অস্ত্রোপচারের পর চিকিৎসা নিচ্ছিলেন ফ্লোরেস।

সম্প্রতি বুকের ব্যথার কারণে তাঁকে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়েছে, এর মধ্যে তাঁর দুটি দাঁত পড়ে গেছে এবং তাঁর ওজন ২৫ পাউন্ডেরও বেশি কমে গেছে। কারাগারে তিন মাস একাকী কারাবাস শেষে সাধারণ বন্দীদের কক্ষে স্থানান্তরের পর একটি মারামারি থামানোর জন্য নিক্ষিপ্ত টিয়ার গ্যাসের প্রভাবেও তিনি অসুস্থ হয়ে পড়েন। গত জুলাই মাসে তাঁর মৃদু হার্টঅ্যাটাক হয়েছিল বলে ধারণা করছেন তাঁর আইনজীবীরা।

শারীরিক অবস্থার অবনতি দেখিয়ে জামিনের আবেদন করা হলেও মার্কিন বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন তা নাকচ করে দেন। গত মাসে ৯২ বছর বয়সে বিচারক হেলারস্টেইন মৃত্যুবরণ করায় বর্তমানে বিচারক অ্যানালিসা টরেস মামলাটির দায়িত্ব নিয়েছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন স্পেশাল ফোর্সের সৈন্যরা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালায়। সেই অভিযানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে মাদুরো যুক্তরাষ্ট্রের জেলে বন্দী হন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি করল চীন

চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। ম…

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি
আন্তর্জাতিক

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি

এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজছেন আমদানিকারকরা। এ পরিস্থিতিতে এ…

আন্তর্জাতিক

খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, কুর্দিস্তানে বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা

রোববার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ…

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্…