…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

যুক্তরাজ্যে ফুল স্কলারশিপে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে ফুল স্কলারশিপে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু মঙ্গলবার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত 'কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ'-এর জন্য মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে আবেদন শুরু হচ্ছে। এই বৃত্তিতে পড়াশোনার খরচের পাশাপাশি বিমানভাড়া ও মাসিক জীবনযাত্রার ভাতাও দেওয়া হবে।

২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ পাবেন। ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে ক্লাস শুরু হবে।

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার অনুমোদিত বিমানভাড়া এবং মাসিক জীবনযাত্রার খরচ দেওয়া হবে।

বর্তমান নির্ধারিত হার অনুযায়ী, শিক্ষার্থীরা মাসে ১ হাজার ৭১২ পাউন্ড ভাতা পাবেন। লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়লে এই ভাতা হবে ২ হাজার পাউন্ড। তবে ২০২৭–২৮ শিক্ষাবর্ষে ভাতার পরিমাণ পরিবর্তন হতে পারে।

এ ছাড়া শীতের পোশাক, গবেষণার কাজ, শিক্ষা-সংক্রান্ত ভ্রমণ ও ভিসার জন্য প্রয়োজনীয় যক্ষ্মা পরীক্ষার খরচেও শর্তসাপেক্ষে সহায়তা পাওয়া যাবে।

বাংলাদেশি নাগরিকদের জন্য আবেদন উন্মুক্ত। তবে আবেদনকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

আবেদনকারীর অন্তত যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস (২:১) সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে ডিগ্রি সম্পন্ন করার সম্ভাবনা থাকলেও আবেদন করা যাবে।

যাদের স্নাতক ফলাফল তুলনামূলক কম, তারা প্রাসঙ্গিক স্নাতকোত্তর ডিগ্রি থাকলে যোগ্য বিবেচিত হতে পারেন। এ ছাড়া আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথ দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার খরচ বহন করতে অক্ষম হতে হবে। উচ্চ আয়ের দেশে আগে পড়াশোনা বা কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে।

বৃত্তির আবেদনের জন্য কমনওয়েলথ স্কলারশিপ কমিশন আইইএলটিএস বাধ্যতামূলক করেনি। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আইইএলটিএস বা ইংরেজি ভাষায় দক্ষতার অন্য প্রমাণ চাইতে পারে।

আগ্রহীদের সিএসসির অনলাইন আবেদনব্যবস্থা 'সিএসসি সেন্ট্রাল'-এর মাধ্যমে আবেদন করতে হবে। পাশাপাশি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার্স কোর্সে ভর্তির জন্য আলাদা আবেদন করতে হবে।

আবেদনের সময় পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার পূর্ণ ট্রান্সক্রিপ্ট এবং অন্তত দুজনের স্বাক্ষরিত সুপারিশপত্র জমা দিতে হবে। তিনজন সুপারিশকারীর তথ্যও দিতে হবে।

এ ছাড়া যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা ও দক্ষতা কীভাবে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাবেন, তার বিস্তারিত পরিকল্পনা লিখতে হবে।

সিএসসি জানিয়েছে, ২০২৭–২৮ শিক্ষাবর্ষে প্রায় ১৮০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এটি পুরো কর্মসূচির সম্ভাব্য সংখ্যা, শুধু বাংলাদেশিদের জন্য নির্ধারিত নয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশোনা শেষে নিজ দেশে ফেরার অঙ্গীকার করতে হবে। আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ১০টা। আবেদন করতে কোনো ফি লাগবে না।

ইউরোপ বিভাগের আরও খবর

ইইউর ডিজিটাল সীমান্ত ত্রুটিতে ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে লেখক জোজো ময়েস
ইউরোপ

ইইউর ডিজিটাল সীমান্ত ত্রুটিতে ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে লেখক জোজো ময়েস

লেখক জোজো ময়েস দুই বছরের ইউরোপ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ইউরো (৮ হাজার ৩০০ পাউন্ড) জরিমানার মুখে পড়েছেন। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল নিরাপত্তা নি…

২০৩০ সালের মধ্যে চীনের সঙ্গে প্রতিযোগিতা ছেড়ে দিতে পারে ইউরোপের শিল্পকারখানা
ইউরোপ

২০৩০ সালের মধ্যে চীনের সঙ্গে প্রতিযোগিতা ছেড়ে দিতে পারে ইউরোপের শিল্পকারখানা

বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি দশকের শেষ নাগাদ ইউরোপের শিল্পকারখানাগুলো চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টাই ছেড়ে দিতে পারে বলে সতর…

ইউরোপ

নিষেধাজ্ঞার মধ্যেও পশ্চিম তীরের বসতির সঙ্গে যুক্ত কোম্পানিগুলো পেল যুক্তরাজ্যের দেড় কোটি ডলারের চুক্তি

যুক্তরাজ্য সরকার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ থেকে মুনাফা করা কোম্পানিগুলোকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও অবৈধ বসতির সঙ্গে যুক্ত কো…

ইউরোপ

সুপারমার্কেটের হিমাগারে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করল ফ্রান্স

ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। গত ১১ ও ১২ অক্টোবর চালানো এসব হামলায় ব…