সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে মো. আবদুর রাজ্জাক (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। ৯ নভেম্বর ভোররাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রাজ্জাক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের মৃত সফিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে পুনরায় ছেড়ে যায়। স্টেশন প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩০০ গজ উত্তরে চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসাবধানতাবশত নিচে পড়ে যান আবদুর রাজ্জাক।
পড়ে যাওয়ার পর তাঁর মাথা, বাম হাত ও বাম পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

