ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ভোর ৩টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর সেখানে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা রাতে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ লাইব্রেরিতে আগুন লাগে। আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ইনহেলেশন বার্নে আক্রান্ত হন অনেকে।
পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৪৮ জন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে।
আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, আহত সবাই ওই মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী।
অসুস্থ কয়েকজন শিক্ষার্থী হলেন—আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদ (১৭)।
আগুনের সূত্রপাতের কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


