বিদ্যুৎ ছাড়াই চার ঘণ্টা পরীক্ষা, মোমবাতির আলোয় উত্তর লিখলেন ডিসিইউ শিক্ষার্থীরা
বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় এবং প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের। এতে চরম ভোগান্তিতে পড়েন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। টানা চার ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় তাদের পরীক্ষা দিতে হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় এ ঘটনা ঘটে।
কলেজটিতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রশ্নপত্র পড়া ও উত্তর লেখায় সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। পরে তিন ঘণ্টা পর মোমবাতির ব্যবস্থা করা হলেও নানা জটিলতার মধ্যে সেই আলোতেই পরীক্ষা শেষ করতে হয় তাদের।
ভুক্তভোগী সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজ বলেন, কবি নজরুল কলেজে পরীক্ষা দিতে গিয়ে প্রথমেই দেখেন বিদ্যুৎ নেই। তাঁদের মাইক্রো ইকোনমিকস পরীক্ষা ছিল। প্রথমে তিনি ভেবেছিলেন কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে। কিন্তু সময় গড়াতে থাকলেও বিদ্যুৎ আসেনি।
তিনি আরও বলেন, দুপুরের প্রচণ্ড গরমে তাঁদের খুব কষ্ট হচ্ছিল। শিক্ষকদের বিষয়টি জানালেও তাঁরাও কিছু করতে পারছিলেন না। কক্ষের ভেতরে এতটাই অন্ধকার ছিল যে প্রশ্নপত্র ঠিকমতো পড়তেও সমস্যা হচ্ছিল। যাঁদের চোখের পাওয়ারের সমস্যা রয়েছে, তাঁদের ভোগান্তি আরও বেশি হয়েছে। অন্ধকারে পড়তে গিয়ে মাথাব্যথাও শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর তাঁদের জন্য মোমবাতির ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত মোমবাতির ক্ষীণ আলোতেই উত্তর লিখতে হয়েছে।
একই পরীক্ষায় অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া বলেন, পরীক্ষা শুরুর সময় থেকেই বিদ্যুৎ ছিল না। তাঁর আসন পেছনের দিকে হওয়ায় অন্ধকারে কিছুই দেখতে পারছিলেন না। বিষয়টি শিক্ষককে জানালে তিনি বলেন, 'আমি ওপরের শিক্ষকদের জানিয়েছি, আর কী করতে পারি।'
তিনি আরও বলেন, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পরিস্থিতি এমন হয় যে কিছুই ভালোভাবে দেখতে পারছিলেন না। এমনকি ক্যালকুলেটরে গাণিতিক হিসাব করতেও সমস্যা হচ্ছিল। পরে পরীক্ষার্থীরা বারবার শিক্ষকদের জানালে একপর্যায়ে তিনি ফোনের লাইট জ্বালিয়ে দেন। কিন্তু তাতেও পর্যাপ্ত আলো পাওয়া যাচ্ছিল না এবং শেষে মোমবাতি আনা হয়।
একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। সব মিলিয়ে পরীক্ষার হলে পরিস্থিতি তাঁদের প্রতিকূলে ছিল বলে জানান সামিয়া।
পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকলেও শুরুতে পর্যাপ্ত বিকল্প আলোর ব্যবস্থা করা হয়নি। এতে তাঁদের স্বাভাবিকভাবে প্রশ্ন পড়া, হিসাব করা ও উত্তর লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
পরীক্ষার্থীদের দাবি, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে দ্রুত বিকল্প আলোর ব্যবস্থা রাখারও আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের ফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

