…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার

নিজস্ব প্রতিবেদক
এইচএসসিতে কৃতী ৩০ শিক্ষার্থীকে ঢাকার ডিসির ব্যক্তিগত চিঠি ও উপহার
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা ৩০ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য পাঠানো হয়েছে উপহারসামগ্রীও। সোমবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে শুধু ভালো ফলের প্রশংসা নয়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে উৎসাহ দিয়েছেন জেলা প্রশাসক।

শিক্ষার্থীদের উদ্দেশে লেখা চিঠিতে ফরিদা খানম বলেন, ‘তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখেছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকে নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি।’

এইচএসসি পরীক্ষায় সাফল্যের জন্য ঢাকা জেলা প্রশাসন ও নিজের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানান জেলা প্রশাসক। তিনি বলেন, এই অর্জন শুধু শিক্ষার্থীর মেধা ও নিরলস পরিশ্রমের ফল নয়, এর সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের অবিচল আস্থা ও ত্যাগও জড়িয়ে রয়েছে।

চিঠিতে তিনি লেখেন, উচ্চমাধ্যমিকের ধাপ পেরিয়ে শিক্ষার্থীরা এখন সম্ভাবনার বিশাল দিগন্তে প্রবেশ করেছে। তবে এই অর্জন কোনো গন্তব্য নয়, বরং দীর্ঘ যাত্রার শুরু।

বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ে আরও কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরে ফরিদা খানম বলেন, শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না।

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে বলীয়ান হতে হবে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে এমন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, যারা শুধু নিজের ক্যারিয়ার গড়বেন না, বরং নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনেও নেতৃত্ব দেবেন।

ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে চিঠিতে জেলা প্রশাসক লেখেন, ‘হয়তো অনেক বছর পর তুমি এই চিঠিটি আবার পড়বে। যখন তোমাকে ঘিরে তোমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে। তোমার জীবনের পথ অনেক দূর এগিয়ে যাবে। সেই দিনটিতে যেন তুমি ফিরে তাকিয়ে বলতে পারো আমি আমার স্বপ্নকে সম্মান করেছি, আমার মেধার মর্যাদা রেখেছি এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি।’

চিঠির শেষাংশে শিক্ষার্থীদের অদম্য পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে জীবনের প্রতিটি সাফল্যের শিখরে তাদের বিজয় কামনা করেন ফরিদা খানম।

শিক্ষা বিভাগের আরও খবর

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩
শিক্ষা

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জা…

শিক্ষা

প্রয়াস পরিদর্শনে ডা. জুবাইদা রহমান: সুযোগ পেলে প্রতিটি শিশুই এগিয়ে যাবে

সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়া…

শিক্ষা

বিদ্যুৎ ছাড়াই চার ঘণ্টা পরীক্ষা, মোমবাতির আলোয় উত্তর লিখলেন ডিসিইউ শিক্ষার্থীরা

বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় এবং প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে আসা …