…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

হরমুজে ট্যাংকারে হামলার জেরে ইরানের সঙ্গে পাকিস্তানের সমঝোতা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

কাতার থেকে পাকিস্তানগামী একটি এলএনজি ট্যাংকারে হামলা হয়েছে। এই হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সমঝোতা বড় পরীক্ষার মুখে পড়েছে।

গত ৩০ অক্টোবর মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী 'আল মায়েদা' নামের ট্যাংকারটি হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় হামলার শিকার হয়।

কাতারের রাষ্ট্রীয় জ্বালানি পরিবহন প্রতিষ্ঠান নাকিলাতের মালিকানাধীন জাহাজটিতে হামলার সময় ২৫ জন নাবিক ছিলেন। তাদের সবাই নিরাপদ রয়েছেন। হামলার পর জাহাজটিতে সামান্য আগুন ধরে যায় এবং এটি কাতারের দিকে ফিরে যায়। হামলার জন্য কারা দায়ী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাহাজটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাকিস্তান আগেই ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছিল, ট্যাংকারটিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছিল তেহরান। তবে অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজটি হামলার শিকার হয়।

ফলে ইরানের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সমঝোতা কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছে পাকিস্তান। এলএনজি সংকটে দেশটিতে গ্যাসের রেশনিং এবং রাতে বিদ্যুৎ সরবরাহে বিধিনিষেধ আরোপ করতে হয়েছে।

আকস্মিক এই হামলার ফলে পাকিস্তানের জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টির পাশাপাশি বিকল্প উৎস ও পরিবহনপথ খোঁজার তাগিদ দেখা দিয়েছে।

গবেষক আরহামা সিদ্দিকা অবশ্য মনে করেন, একটি হামলার ঘটনাকে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার ব্যর্থতা হিসেবে দেখার সময় এখনো আসেনি। হামলার পরিস্থিতি ও দায়ীদের পরিচয় নিশ্চিত হওয়া জরুরি।

এদিকে সম্ভাব্য শীতকালীন চাহিদা মেটাতে ডিসেম্বর ও জানুয়ারির জন্য বিকল্প এলএনজি কার্গো কেনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান।

আন্তর্জাতিক বাজারে যুদ্ধ শুরুর আগের তুলনায় এলএনজির দাম তিন গুণেরও বেশি হওয়ায় বিকল্প উৎস থেকে গ্যাস কেনা দেশটির জন্য ব্যয়বহুল হতে পারে।

পাকিস্তানের জন্য এ ঘটনা শুধু একটি জাহাজে হামলার বিষয় নয়, বরং জ্বালানি নিরাপত্তার প্রশ্নও সামনে এনেছে। কাতারের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প সরবরাহকারী ও পরিবহনপথ নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে দেশটির জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

মার্চের পর অক্টোবরে সর্বোচ্চ তেল আমদানি করল চীন

চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। ম…

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি
আন্তর্জাতিক

এশিয়ার বাজারে মধ্যপ্রাচ্যের বিকল্প হয়ে উঠছে কানাডার এলএনজি

এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা বাড়ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খুঁজছেন আমদানিকারকরা। এ পরিস্থিতিতে এ…

আন্তর্জাতিক

খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, কুর্দিস্তানে বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কা

রোববার গভীর রাতে ইরাকের উত্তরাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে যায় এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে গ…

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্…