হলফনামায় তথ্য গোপনের অভিযোগের রিট খারিজ, এমপি পদে বহাল হান্নান মাসউদ
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি শিকদার মাহমুদ রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৯ নভেম্বর) শুনানি শেষে এই আদেশ দেন। ফলে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বহাল থাকল।
আদেশের বিষয়টি নিশ্চিত করে এমপি হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, আদালত রিট আবেদনটি নট প্রেসড অ্যাজ বিইং রিজেক্টেড হিসেবে খারিজ করেছেন।
শুনানিতে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে, নির্বাচনী হলফনামায় সম্পদের বিবরণীতে তথ্যের গরমিল থাকা সংক্রান্ত অভিযোগগুলো মূলত কোয়েশ্চন অব ফ্যাক্ট বা তথ্যগত বিষয়। ফলে সংবিধানের আওতায় হাইকোর্টে রিট আবেদনের মাধ্যমে এ ধরনের বিষয়ের সরাসরি নিষ্পত্তি সম্ভব নয়।
আইনজীবী আরও উল্লেখ করেন, হলফনামার তথ্য সংক্রান্ত অভিযোগ যাচাই ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনসহ নির্দিষ্ট আইনি ও যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু রিট আবেদনকারী সেই নির্ধারিত কর্তৃপক্ষের কাছে না গিয়ে সরাসরি উচ্চ আদালতে এসেছেন।
সার্বিক আইনি দিক ও প্রক্রিয়াগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত আবেদনটি সরাসরি খারিজের সিদ্ধান্ত দেন বলে জানান আইনজীবী।
এর আগে হাতিয়া উপজেলার বাসিন্দা ও ওই আসনের ভোটার নাজমুল হোসেন গত ১৯ আগস্ট হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করেছিলেন।
আবেদনে নোয়াখালী-৬ আসনটি শূন্য ঘোষণা এবং আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনার পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ে ইতিপূর্বে জমা দেওয়া আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছিল।

