নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার নির্ধারিত যৌক্তিক দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হলে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। জনগণের কল্যাণ নিশ্চিত করতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, জ্বালানি সংকটের মধ্যে এলপিজির দাম বাড়ানো হলেও সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও ৫০০ থেকে ৬০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একই সঙ্গে চালের দামও বেড়েছে। নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধি বাজার তদারকিতে সরকারের দুর্বলতা কি না।
জবাবে জাহেদ উর রহমান বলেন, এলপিজির বাজারে সরকার যে দামকে যৌক্তিক মনে করছে, কোথাও কোথাও তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। সরবরাহের ক্ষেত্রেও কিছুটা সমস্যা রয়েছে। তবে দায় এড়ানোর জন্য তিনি সরবরাহসংকটের কথা বলছেন না।
এলপিজির দাম বাড়ানোর পক্ষে সরকারের যুক্তি তুলে ধরে উপদেষ্টা বলেন, ভর্তুকি দিয়ে সরকার পণ্যের দাম কম রাখতে পারে। কিন্তু ভর্তুকি দেওয়ার সক্ষমতা প্রায় শেষ পর্যায়ে। এ অবস্থায় ভর্তুকি দিয়ে দাম কমিয়ে রাখলে দীর্ঘ মেয়াদে তা জনগণের জন্য ক্ষতিকর হতে পারে।
তিনি বলেন, 'আমি বলেছিলাম, গ্যাসের দাম বাড়ালেও দীর্ঘমেয়াদি কল্যাণ আছে। যারা অর্থনীতির মৌলিক বিষয় বোঝেন, তাঁরা বুঝবেন, সরকারের জন্য এই দাম কমানোর ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ প্রায় শেষ।'
সরকার আগে বিভিন্ন খাতে যে পরিমাণ ভর্তুকি দিত, তা কমে এসেছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, সব ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তবে ভর্তুকি কমানোর বিষয়টি একদিকে, আর সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হওয়া আরেকটি বিষয়। এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বাজার তদারকির কার্যকারিতা নিয়ে তিনি বলেন, কোনো পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে তার প্রভাব সরবরাহ ও মূল্য নির্ধারণের ওপর পড়ে। সরকার বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছে। তবে বাজার অর্থনীতিতে শুধু তদারকি করে সব সময় কার্যকর ফল পাওয়া যায় না।
চালের দাম বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর একটি উপায় হলো পণ্যের সরবরাহ বাড়ানো। এ জন্য চালের মজুত সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।
তিনি বলেন, পর্যাপ্ত মজুত নিশ্চিত করে প্রয়োজনে বাজারে চালের সরবরাহ বাড়ানো হবে। পুলিশ পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণের চেয়ে সরবরাহ বাড়িয়ে বাজারে হস্তক্ষেপ করা বেশি কার্যকর। সরকার সে উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে।
জাহেদ উর রহমান বলেন, সরকার নির্ধারিত যৌক্তিক দামের পরও যদি ভোক্তাদের বেশি দামে এলপিজি কিনতে হয়, তাহলে বিষয়টি সরকারকে বিবেচনায় নিতে হবে। জনগণের কল্যাণ নিশ্চিত করতে এ বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে।


