জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না, ছাত্রদলের প্রশংসা করলেন রাশেদ খাঁন
আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতা ও বিশৃঙ্খলা মোকাবিলার সময় রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের কোনো সক্রিয় উপস্থিতি ছিল না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। এর বিপরীতে সারারাত জেগে রাজপথ পাহারা দেওয়ার মাধ্যমে প্রতিরোধ বজায় রাখায় জাতীয়তাবাদী ছাত্রদলের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ সংক্রান্ত পর্যবেক্ষণ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, আওয়ামী লীগের অনাকাঙ্ক্ষিত তৎপরতা দমনে কঠিন সময়ে জামায়াত-শিবিরকে যে মাঠে খুঁজে পাওয়া যাবে না, সেই বাস্তবতা ইতোমধ্যেই স্পষ্ট হয়েছে। তবে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি পরিধিতে ছোট হলেও তারা ময়দানে ভূমিকা রাখায় সাধুবাদ পাওয়ার দাবিদার।
অতীতে গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীদের কঠোর সমালোচনা করে তিনি লেখেন, জাতীয় সংকটের মুহূর্তে কীভাবে আত্মগোপনে থাকতে হয় এবং সুসময়ে কীভাবে বিপ্লবীর ভান ধরতে হয় তা আবারও দৃশ্যমান হলো।
কিন্তু দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে অরক্ষিত রাখা যায় না বলেই বাংলাদেশপন্থী শক্তি হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে শহরের প্রতিটি অলিগলিতে টহল দিয়ে পুরো রাত রাজপথ পাহারা দিয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, জননিরাপত্তা রক্ষার্থে মঙ্গলবার দিনভর একইভাবে রাজপথে সতর্ক অবস্থানে থাকবে ছাত্রদল।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোনো ধরনের অগ্নিসন্ত্রাস কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে ছাত্রদলের সক্রিয় নেতৃত্বে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাৎক্ষণিক গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও বিক্ষোভের খবর আসছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগের পালা চলছে।

