খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কে বা কারা আগুন দিয়েছে, এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড় পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পান বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যান। ততক্ষণে কার্যালয়টি পুড়ে যায়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির জন্য বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতার চেষ্টা করার খবর পাওয়া গেছে।


