সীমান্ত ব্যবস্থার বিলম্ব নিয়ে আইবিএমসহ তিন কোম্পানির বিরুদ্ধে ইইউর মামলা

ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত ব্যবস্থা বাস্তবায়নে বিলম্বের অভিযোগে আইবিএমসহ তিনটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে ইইউর তথ্যপ্রযুক্তি সংস্থা ইইউ-লিসা। সংস্থার সর্বশেষ বার্ষিক হিসাবে এ মামলার কথা প্রকাশ পেয়েছে।
মামলায় আসামি করা হয়েছে ফরাসি তথ্যপ্রযুক্তি কোম্পানি আতোস এবং ইতালির প্রতিরক্ষা ঠিকাদার লিওনার্দোকে। তিনটি কোম্পানি যৌথভাবে ইইউর এন্ট্রি-এক্সিট সিস্টেম (ইইএস) বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল।
২০২৫ সালের অক্টোবরে চালু হওয়া এ ব্যবস্থা শুরু থেকেই নানা সমস্যায় পড়েছে। ব্যস্ত সময়ে নতুন প্রযুক্তির কারণে সৃষ্ট বিলম্ব এবং সীমান্তে কর্মী সংকটের জেরে কিছু যাত্রী ফ্লাইট মিস করেছেন বলে অভিযোগ উঠেছে।
বার্ষিক হিসাবে সংস্থা জানিয়েছে, ঠিকাদার জোটের পক্ষ থেকে ইইএস সরবরাহে নানা বিলম্বের পর নিজেদের আর্থিক স্বার্থ রক্ষায় চুক্তিগত ও আইনি প্রতিকার গ্রহণের পথে হেঁটেছে সংস্থা।
ইইউ-লিসা জানিয়েছে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর এস্তোনিয়ার একটি আদালতে দাবি জমা দেওয়া হয়েছে। এস্তোনিয়াতেই সংস্থার সদর দপ্তর অবস্থিত।
সংস্থা মামলার বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে, মামলাটি ব্যবস্থার উন্নয়ন পর্যায় নিয়ে এবং এর বর্তমান কার্যক্রমে কোনো প্রভাব নেই। তাদের ভাষায়, ইইএস পুরোপুরি চালু রয়েছে।
মামলার খবর প্রথম প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা এ মামলার পক্ষ নয়। কমিশনের ভাষায়, মামলাটি ব্যবস্থার উন্নয়নকালীন সরবরাহে বিলম্ব নিয়ে এবং এটি ইইএসের পরিচালনার সঙ্গে সম্পর্কিত নয়।
বিমানবন্দরগুলো অভিযোগ করেছে, ইইএসের কিয়স্ক বিকল হওয়া এবং ব্যবস্থার নিয়মিত বিভ্রাটের কারণে ব্যস্ত সময়ে অপেক্ষার সময় তিন ঘণ্টা পর্যন্ত গড়িয়েছে।
এ ব্যবস্থার আওতায় শেনজেন এলাকার বাইরে থেকে ইইউতে আসা যাত্রীদের মুখের ছবি তোলা হয় এবং আঙুলের ছাপ নেওয়া হয়। শেনজেন এলাকায় ২৭টি ইইউ সদস্য দেশের ২৫টিসহ আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ড রয়েছে।
শেনজেনের ২৯টি দেশের নাগরিক এবং আয়ারল্যান্ড ও সাইপ্রাসের নাগরিকদের ক্ষেত্রে এ পরীক্ষা প্রযোজ্য নয়।
ইইউ-লিসা বিচার ও স্বরাষ্ট্র খাতে বৃহৎ তথ্যপ্রযুক্তি ব্যবস্থা পরিচালনাকারী ইইউর সংস্থা। গার্ডিয়ান এ বিষয়ে আইবিএম ও লিওনার্দোর সঙ্গে যোগাযোগ করেছে, আর আতোস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।



