২২৬ কোটি টাকার পাওনা আদায়ে অনন্ত জলিলকে আইনি নোটিশ দিল এমটিবি
প্রায় ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত এবং তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
ব্যাংকের নোটিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল।
দায় পরিশোধের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল গত ১৮ অক্টোবর ব্যাংক বরাবর ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। তবে গত ২ নভেম্বর ব্যাংক হিসাবে পর্যাপ্ত স্থিতি না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।
আগামী ৩০ দিনের মধ্যে সমুদয় অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার আওতায় আইনি ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ব্যাংকঋণের অতিরিক্ত দেনার কারণে অনন্ত জলিলের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
ব্যবসায়ী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো সচল রাখতে দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারী ও অংশীদার খোঁজার চেষ্টা করেছিলেন তিনি। এমনকি এ বিষয়ে একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
সংকট কাটাতে পরবর্তীতে কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা সফলতার মুখ দেখেনি।
উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি পরিষেবা জটিলতায় প্রতিষ্ঠানটির সংকট আরও তীব্র হয়েছে। সম্প্রতি বকেয়া গ্যাস বিল এবং পাইপলাইনে অবৈধ গ্যাস চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
উল্লেখ্য, এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অনন্ত। পরবর্তীতে ২০১০ সালে নিজের প্রযোজিত 'খোঁজ-দ্য সার্চ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার পর তিনি অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করে এবি অ্যাপারেলস লিমিটেড গড়ে তোলেন।
ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল জানিয়েছেন, করোনার সময়ে কাজ বন্ধ থাকলেও কারখানা চালু রাখতে এবং শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতে তিনি প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরবর্তীতে সেই ঋণের পুঞ্জীভূত সুদসহ দেনা বেড়ে এই বিপুল আকার ধারণ করেছে।
চলচ্চিত্রে অতিরিক্ত সময় দেওয়ার কারণে ব্যবসায়িক ধস নেমেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক ও দেশীয় প্রতিকূল পরিস্থিতির প্রভাবেই তাঁর ব্যবসা এই জটিলতার মধ্যে পড়েছে।
বর্তমান অচলাবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন এই ব্যবসায়ী।

