মাদকের কালো টাকার সন্ধানে ডিএনসি: চার মামলায় সন্দেহজনক লেনদেন ১০০ কোটি টাকার বেশি
মাদকের অবৈধ বাণিজ্যের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দিতে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক-সংশ্লিষ্ট অপরাধের অর্থ কোথায় যাচ্ছে, কারা এর সুবিধাভোগী এবং কীভাবে অবৈধ সম্পদ গড়ে উঠছে—তা শনাক্ত করতে সংস্থাটির চলমান কার্যক্রমে উঠে এসেছে বিপুল অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএনসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চারটি মামলার অভিযোগপত্রে মোট ১০০ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৪০০ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন ও সম্পদের হিসাব নথিভুক্ত হয়েছে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে দায়ের করা এসব মামলা ইতিমধ্যে তদন্তপর্ব পেরিয়ে বিচারিক পর্যায়ে পৌঁছেছে।
ডিএনসির অর্থপাচারবিরোধী কার্যক্রমের পরিধি কেবল চারটি মামলায় সীমাবদ্ধ নয়। সরকারি নথি অনুযায়ী, সংস্থাটির চলমান কার্যক্রমে মোট ৩৬টি মামলা ও প্রাথমিক অনুসন্ধান রয়েছে। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়ের করা নয়টি মামলার চারটিতে অভিযোগপত্র জমা হয়েছে। বাকি পাঁচটি মামলা তদন্তাধীন রয়েছে। পাশাপাশি সন্দেহজনক অর্থপাচার ও অবৈধ সম্পদের তথ্য শনাক্ত করতে চলছে ২৭টি প্রাথমিক অনুসন্ধান।
অভিযোগপত্র জমা হওয়া চারটি মামলার মধ্যে রয়েছে ২০১৮ সালের ১১ জুন দায়ের করা হালিশহর থানার মামলা নম্বর ১২, ২০১৯ সালের ১ মে দায়ের করা পাহাড়তলী থানার মামলা নম্বর ০৩, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা ওয়ারী থানার মামলা নম্বর ০৭ এবং ২০২৩ সালের ১ মার্চ দায়ের করা তাজহাট থানার মামলা নম্বর ০৪।
অন্যদিকে তদন্তাধীন পাঁচটি মামলার মধ্যে ২০২৫ সালের ১ মার্চ দায়ের করা গুলশান থানার মামলা নম্বর ১৪ রয়েছে। বাকি চারটি মামলা ২০২৬ সালে দায়ের করা হয়েছে। এগুলো হলো ২৬ জানুয়ারি গোদাগাড়ী থানার মামলা নম্বর ২৫, ৮ ফেব্রুয়ারি একই থানার মামলা নম্বর ০৬, ১৫ মার্চ ধামইরহাট থানার মামলা নম্বর ২৪ এবং ১৬ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর ৩৯।
২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনটি ২০১৫ সালে সংশোধন করা হয়।
মাদক ব্যবসার ধরন ও অর্থ লেনদেনের পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ায় আর্থিক অপরাধের তদন্তও ক্রমেই জটিল হয়ে উঠছে। এ পরিস্থিতিতে তদন্তের আধুনিক পদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিচারিক কার্যক্রমের সমন্বয় বাড়াতে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিকল্পনা করছে ডিএনসি।
প্রস্তাবিত আধুনিকায়ন পরিকল্পনায় রয়েছে বিশেষায়িত সাইবার নিরাপত্তা ও অর্থপাচার ইউনিট প্রতিষ্ঠা, ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে পৃথক প্রসিকিউশন কার্যালয় গড়ে তোলা।
ডিএনসির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম বাসসকে বলেন, প্রযুক্তির সহায়তায় সংঘটিত মাদক পাচার, অবৈধ আর্থিক নেটওয়ার্ক এবং মাদকদ্রব্য-সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের তদন্ত জোরদার করতেই এসব উদ্যোগের প্রস্তাব করা হয়েছে।
পরিকল্পনায় বিশেষায়িত পাবলিক প্রসিকিউটর নিয়োগের বিষয়টিও রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার অধীনে অধিদপ্তরের প্রসিকিউটরদের পাবলিক প্রসিকিউটরের পূর্ণ ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ধরনের কার্যালয় প্রতিষ্ঠিত হলে তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটরদের মধ্যে সমন্বয় বাড়বে। একই সঙ্গে আর্থিক ও ডিজিটাল প্রমাণ আদালতে উপস্থাপন, মামলার প্রস্তুতি এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় গতি আসবে বলে আশা করছে সংস্থাটি।
জনবল ও প্রয়োজনীয় লজিস্টিকসের সীমাবদ্ধতার মধ্যেই অর্থপাচারবিরোধী কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ডিএনসি। তবে সংস্থাটির মতে, শুধু সন্দেহজনক লেনদেন শনাক্ত করাই নয়—এসব লেনদেনের উৎস, গতিপথ এবং প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করাও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। মাদক ব্যবসার অর্থনৈতিক ভিত্তি দুর্বল করতে অবৈধ আয় ও সম্পদের উৎস শনাক্ত, আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ এবং আদালতে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন জরুরি। বিচারিক সাফল্যই হবে এ উদ্যোগের বড় পরীক্ষা।


