ফলে ১২২ শতাংশ শুল্ক, তামাকের কাঁচামালে বড় ছাড়—একই বাজেটে দুই বিপরীত নীতি

সম্প্রতি ঢাকার একটি বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় বাজার শেষ করে ফল কেনার উদ্দেশে দোকানদারকে বিভিন্ন পদের ফলের মূল্য জিজ্ঞাসা করলাম। মুহূর্তেই উত্তর এল—প্রতি কেজি কমলা ৫৫০ টাকা, আপেল ৪০০ টাকা, বেদানা ৫৪০ টাকা—তাও একদাম। অথচ মাসখানেক আগেই এইসব ফলের দাম কেজিপ্রতি ন্যূনতম ১০০-২৮০ টাকা কম ছিল।
মূল্যতালিকা শুনেই প্রশ্ন উঠল—যে ফল শরীরের জন্য এত উপকারী, সেই ফলের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কেন? পাশ থেকে আরেকজন ক্রেতা বললেন, ‘দাম কেন বাড়বে না বলুন? ফল আমদানিতে যে ১২২ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়।’ অথচ এই শুল্ক কমিয়ে ফলের দাম সাধারণ জনগণের সাধ্যের মধ্যে না এনে বরং যে তামাকজাত দ্রব্য মানুষের স্বাস্থ্যহানি ঘটায়, তার কাঁচামালে দেওয়া হলো বড় করছাড়।
শুরুতে ফলের হিসাবটাই দেখা যাক। দেশে আমদানি করা ১০০ টাকা মূল্যের ফলে শুল্ক যুক্ত হয়ে আমদানিকারকের হাতে আসতেই হয়ে যায় ২২২ টাকা। ভোক্তার হাতে পৌঁছাতে পৌঁছাতে পরিবহন খরচ, পচে যাওয়াসহ অন্যান্য সংশ্লিষ্ট খরচ এবং লভ্যাংশ যুক্ত হয়ে সেই মূল্যটাই দ্বিগুণ বা তারও বেশি হয়ে যায়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে নির্ধারিত ১৩৬ শতাংশ শুল্ক সামান্য কমিয়ে ১২২ শতাংশ করা হলেও এই হ্রাস ভোক্তাদের মনে স্বস্তি এনেছে কি? ফল কি আদৌ কোনো বিলাসবহুল দ্রব্য, নাকি ক্ষতিকর কোনো পণ্য, যার ওপর এমন কঠোর করভার আরোপ করা? চিকিৎসকদের ভাষ্যমতে এটি তো বরং শরীরের জন্য অপরিহার্য একটি খাদ্য উপাদান।
বিগত তিন-চার বছরে বাজারে প্রচলিত ফলের মূল্য যে অস্বাভাবিক হারে বেড়েছে, তাতে বিক্রয় অর্ধেকে নেমে যাওয়ার একাধিক তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। বাস্তবতা হলো, সন্তানকে নিয়মিত ফল খাওয়ানোর সামর্থ্য অনেক দরিদ্র বাবার নেই, আর বৃদ্ধ মা-বাবাকে ফল খাওয়ানোর ইচ্ছা থাকা সত্ত্বেও তা পূরণ করতে পারছেন না সীমিত আয়ের অনেক সন্তান।
ঠিক এই সময়েই সরকারের পক্ষ থেকে তামাকজাত দ্রব্য প্রস্তুতে প্রয়োজনীয় আমদানিযোগ্য কাঁচামালের ওপর বড় কর ছাড় দেওয়া হলো, যা সরকারের একটি সম্পূর্ণ বিপরীতমুখী সিদ্ধান্ত। উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় সংসদে সংশোধনীসহ পাস হওয়া অর্থবিলে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল সেলুলোজ অ্যাসিটেট আমদানিতে প্রস্তাবিত সম্পূরক শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়। অর্থাৎ প্রস্তাবিত শুল্কের তুলনায় আরোপিত শুল্কের পরিমাণ এক-তৃতীয়াংশেরও কম।
একইভাবে নতুন করের আওতায় আসা নিকোটিন পাউচের কাঁচামাল গ্র্যানিউলস আমদানিতে প্রস্তাবিত শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ আর উৎপাদন পর্যায়ে শুল্ক ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।
এই ছাড়ের পেছনে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, বাজারে অবৈধ সিগারেটের বিক্রি বেড়ে যাওয়ায় সরকারের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কমে গেছে। অথচ বিগত ২০ বছরে একাধিকবার কর বৃদ্ধি, আইন সংশোধন ও তামাক নিয়ন্ত্রণসংশ্লিষ্ট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও বাৎসরিক আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানির লভ্যাংশ বৃদ্ধির ধারা অব্যাহতই ছিল। একই সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সরকারের রাজস্ব আয়ও বেড়েছে।
অর্থাৎ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তামাক কোম্পানির প্রভাব বিস্তারের দীর্ঘদিনের ঝুঁকির বিষয়টি এই বাস্তব ফলাফলের প্রেক্ষাপটে নতুন করে আলোচনার দাবি রাখে। তামাক কোম্পানিগুলোর দীর্ঘদিনের একটি প্রচলিত যুক্তি হলো, কর বাড়ালে অবৈধ বাজার বাড়তে পারে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক গবেষণা বলছে, অবৈধ বাজারের অস্তিত্ব থাকলেও সেটিকে কর বৃদ্ধির বিরুদ্ধে সরল যুক্তি হিসেবে ব্যবহার করার সুযোগ সীমিত।
প্রথমত এই প্রচার বছরের অন্যান্য সময় তেমন দেখা না গেলেও ঠিক জাতীয় বাজেট ঘোষণার আগে ও পরে, যখন তামাক কর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়, তখনই কিছু গণমাধ্যমে চোরাচালান বৃদ্ধির আশঙ্কা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহর করা একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই অবৈধ বা চোরাচালানকৃত সিগারেটের পরিমাণ ৫.৬ শতাংশ।
তা ছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেহেতু সিগারেটের দাম বাংলাদেশের থেকে বেশি, সেহেতু অতিরিক্ত দাম দিয়ে অন্য দেশ থেকে চোরাই পথে এই পণ্য দেশের বাজারে ঢোকা নিতান্তই অযৌক্তিক ও হাস্যকর যুক্তি। তাই চোরাচালানের আশঙ্কাকে তামাক কর বৃদ্ধির বিরুদ্ধে সরল যুক্তি হিসেবে ব্যবহারের আগে এর প্রকৃত ব্যাপ্তি, উৎস ও অর্থনৈতিক যৌক্তিকতা স্বাধীনভাবে যাচাই করা জরুরি।
রাজস্ব বোর্ডের নিজস্ব যুক্তি দিয়েই ফলের করভার কমানোর পক্ষে দাঁড়ানো যায়। তামাক খাতে যে আশঙ্কা দেখানো হয়েছে, অতিরিক্ত কর বসালে বৈধ বাজার সংকুচিত হয়ে অবৈধ বাজার বেড়ে যায় এবং তাতে রাজস্ব বরং কমে। এই একই যুক্তি ফলের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। ১২২ শতাংশের মতো শুল্কভারে বৈধ পথে ফল আমদানি নিরুৎসাহিত হলে চোরাচালান বা অনানুষ্ঠানিক পথে ফল আসার প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
একটি রাষ্ট্রের বাজেটনীতি তার অগ্রাধিকার প্রকাশ করে। ক্ষতিকর পণ্যে ছাড় দিয়ে আর উপকারী পণ্যে করের বোঝা বহাল রেখে বাংলাদেশ আসলে কোন অগ্রাধিকারের বার্তা দিচ্ছে, সেই প্রশ্নটা নীতিনির্ধারকদের সামনে তোলার এখনই সময়।

