এইচএসসিতে ভালো ফল: ঢাকার ৩০ শিক্ষার্থীকে জেলা প্রশাসকের চিঠি
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ঢাকার ৩০ জন শিক্ষার্থীকে বিশেষ অভিনন্দন ও অনুপ্রেরণামূলক চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাঠানো চিঠিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি উচ্চশিক্ষা অর্জন, মানবিক মূল্যবোধ লালন এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার জন্য দিকনির্দেশনা ও উৎসাহ দেওয়া হয়েছে।
চিঠিতে জেলা প্রশাসন ও নিজের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক উল্লেখ করেন, এই সাফল্য শুধু শিক্ষার্থীদের মেধা ও নির্ঘুম রাতের অক্লান্ত পরিশ্রমেরই ফল নয়; এটি তাঁদের বাবা-মা ও শিক্ষকদের আত্মত্যাগ এবং গভীর আস্থারও প্রতিফলন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লেখেন, এই চিঠিটি যখন পৌঁছাবে তখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে জেলা প্রশাসক কেন আলাদা করে চিঠি লিখলেন। এর কারণ হিসেবে তিনি জানান, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মাঝে তিনি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকেই দেখছেন না, বরং আগামী দিনের একজন আলোকিত মানুষকে প্রত্যক্ষ করছেন।
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সম্ভাবনাময় দিগন্তে প্রবেশকে কোনো গন্তব্য নয়, বরং এক মহাযাত্রার সূচনা হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নতুন অধ্যায়ে নিজেকে আরও বেশি কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বর্তমান যুগের বাস্তবতা তুলে ধরে চিঠিতে শিক্ষার্থীদের কেবল জিপিএ-৫ পাওয়ার বৃত্তে নিজেদের সীমাবদ্ধ না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক উল্লেখ করেন, আধুনিক সময়ে পাঠ্যপুস্তকের ফলাফলের পাশাপাশি তথ্যপ্রযুক্তি জ্ঞান, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে নিজেদের বলীয়ান করতে হবে।
নিজের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে এমন এক আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, যারা কেবল ব্যক্তিগত ক্যারিয়ারই গড়বে না, বরং নিজেদের জ্ঞান ও মেধা দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
ভবিষ্যতের স্মৃতিচারণার কথা স্মরণ করিয়ে দিয়ে ফরিদা খানম লেখেন, বহু বছর পর জীবনের সাফল্যের শিখরে পৌঁছে যখন এই চিঠি আবার পড়া হবে, তখন যেন শিক্ষার্থীরা আত্মতৃপ্তি নিয়ে বলতে পারেন যে তাঁরা নিজেদের স্বপ্নকে সম্মান করেছেন, মেধার যথাযথ মর্যাদা রেখেছেন এবং সর্বোপরি একজন ভালো মানুষ হওয়ার আন্তরিক চেষ্টা করেছেন।
চিঠির শেষাংশে শিক্ষার্থীদের এই অদম্য অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তাদের সাফল্যের প্রতিটি ধাপে বিজয় ও মঙ্গল কামনা করেছে ঢাকা জেলা প্রশাসন।

