ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের সমালোচনার পাল্টা জবাব রুবিওর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প প্রশাসনের অবস্থান সমর্থন করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য যুদ্ধকে দায়ী করার কয়েক দিন পর রুবিও এ মন্তব্য করেন। তেহরানের সঙ্গে অমীমাংসিত অচলাবস্থার মুখে হোয়াইট হাউস এখন চাপের মুখে রয়েছে।
“আমার মনে হয়, প্রেসিডেন্ট এমন কিছু করেছেন যা অন্য প্রেসিডেন্টরা করতে পারেননি। কখনো কখনো সঠিক কাজটি করলে তা জনপ্রিয় হবে কি না জানা যায় না, তবু সেটিই সঠিক কাজ। প্রেসিডেন্টরা কঠিন কাজগুলো করার জন্যই নির্বাচিত হন—কখনো কঠিন, কখনো জটিল, কিন্তু প্রয়োজনীয় কাজ,” রোববার বলেন রুবিও।
গত সপ্তাহে এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স লিখেছিলেন, “হারার কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে তাই বলেছেন। কিন্তু সবাই জানে কেন আমরা হেরেছি। আর এখান থেকে আমরা কোথায় যাব, সে বিষয়ে যেকোনো সৎ আলোচনা শুরু করতে হবে এখান থেকেই।”
ওই পোস্টে ভ্যান্স একজন নাম প্রকাশে অনিচ্ছুক জরিপকারীর কথা উল্লেখ করেন। ওই জরিপকারীর মতে, যেসব ভোটার রিপাবলিকানদের ছেড়ে গেছেন, তাঁরা চেয়েছিলেন প্রশাসন যুদ্ধ শেষ করুক, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের দিকে নজর দিক, আমেরিকাকে প্রথমে রাখুক এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বদলাক।
তবে জরিপের তথ্য ভ্যান্সের যুক্তিকে জটিল করে তুলেছে। ফক্স নিউজ ভোটার পোলে দেখা গেছে, ৮৯ শতাংশ ভোটার জীবনযাত্রার ব্যয়কে কংগ্রেসের ভোটে গুরুত্বপূর্ণ বা প্রধান বিষয় মনে করেছেন, যেখানে ইরান যুদ্ধের ক্ষেত্রে একই কথা বলেছেন ৭৪ শতাংশ। এতে বোঝা যায়, বৃহত্তর অর্থনৈতিক হতাশাও ভোটারদের কাছে বড় উদ্বেগের বিষয় ছিল, যদিও দুটি বিষয় পরস্পর জড়িত থাকতে পারে এবং কোনটি শেষ পর্যন্ত রিপাবলিকানদের ভোট হারিয়েছে, জরিপ তা নির্ধারণ করে না।
যুদ্ধ শেষ করার অর্থ অবরোধ তুলে নেওয়া, মার্কিন বাহিনী প্রত্যাহার, নাকি তেহরানের কাছ থেকে নতুন ছাড় আদায়—এ বিষয়ে স্পষ্টতা চেয়ে ফক্স নিউজ ডিজিটাল ভ্যান্সের দপ্তরে পাঁচবার যোগাযোগ করলেও কোনো জবাব পায়নি।
এদিকে রিপাবলিকানরা ২০২৮ সালের দিকে তাকাতে শুরু করেছেন। সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প রুবিওকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের কিছু দীর্ঘদিনের দাতা ২০২৮ সালে ভ্যান্সকে সমর্থন দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছেন—তাঁদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর পরিবর্তে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসসহ অন্য রিপাবলিকানদের নাম ভাবছেন কেউ কেউ।
মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, “আমি কোনো রাজনৈতিক পদে নেই। আপনারা জানেন, আমি অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করি না।”
একই সময়ে ট্রাম্প ও ভ্যান্স ইরানের সঙ্গে আরেকটি কূটনৈতিক উদ্যোগ নিচ্ছেন। কাতার একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় মধ্যস্থতা করছে, যাতে মার্কিন অবরোধ শিথিল করা যায় এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া যায়। সোমবার ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করে মধ্যস্থতার প্রচেষ্টা ও যুদ্ধ শেষের সম্ভাব্য শর্ত নিয়ে আলোচনা করেন।
রোববার রুবিও সন্দেহ প্রকাশ করেন যে আলোচনা কোনো অগ্রগতির কাছাকাছি পৌঁছেছে। তাঁর মতে, ইরানের দাবিগুলো এখনো অবাস্তব। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স গত কয়েক সপ্তাহে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে পরোক্ষ আলোচনায় ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ চার থেকে পাঁচ সপ্তাহের যুদ্ধ অভিযান হবে বলে প্রাথমিকভাবে ধারণা দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু আট মাসের বেশি সময় পরও বৃহত্তর সংঘাত চলছে, যদিও এপ্রিলে বড় ধরনের মার্কিন যুদ্ধ অভিযান শেষ হয়েছে। জুনে ইরানের সঙ্গে সমঝোতা স্মারক স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক ও সামরিক চাপে ফিরে যায়—সীমিত নতুন হামলা, অব্যাহত সামুদ্রিক উত্তেজনা এবং ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসের প্রবাহ নিয়ে অমীমাংসিত অচলাবস্থা চলছে।
ইরানের সঙ্গে কূটনীতিতে ভ্যান্স ভূমিকা রেখেছিলেন এবং জুনের চুক্তি তৈরিতে নেতৃত্ব দেওয়া কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করেন, যদিও পরে তা ভেঙে যায়। জুনে ট্রাম্প রসিকতা করে বলেছিলেন, “যদি এটা সফল হয়, কৃতিত্ব আমি নেব। আর যদি না হয়, দোষ দেব জেডিকে।” এর আগে ভ্যান্স প্রশাসনের সামরিক অভিযানের পক্ষে কথা বলেছিলেন এবং মার্কিন বাহিনী ইরানের প্রচলিত সামরিক শক্তি ও বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে বলে কৃতিত্ব দিয়েছিলেন।
হাডসন ইনস্টিটিউটের সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি ইন দ্য মিডল ইস্টের সিনিয়র ফেলো লুডোভিক হুড ভ্যান্সের পোস্টকে ‘চমকপ্রদ না হলেও বিস্ময়কর’ বলে বর্ণনা করেন। তিনি রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণ হিসেবে যুদ্ধের ওপর ভ্যান্সের জোর নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, ভোটারদের হতাশায় বৃহত্তর অর্থনৈতিক উদ্বেগও বড় ভূমিকা রেখেছে।
অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট কর্নেল ড্যানিয়েল এল. ডেভিস—চারবার যুদ্ধে মোতায়েন হওয়া একজন প্রবীণ সেনা ও ইউটিউবে ‘ড্যানিয়েল ডেভিস ডিপ ডাইভ’ অনুষ্ঠানের উপস্থাপক—অভিযানের ফলাফল নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন কেন্দ্র ধ্বংস, নৌবাহিনী নির্মূল এবং আঞ্চলিক প্রক্সিদের মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করা থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। “আট মাস ৯ দিন পর, সেই উদ্দেশ্যগুলোর একটিও পূরণ হয়নি,” বলেন ডেভিস।
হোয়াইট হাউসের মূল্যায়ন একেবারেই ভিন্ন। এপ্রিলে প্রশাসন ঘোষণা করে, মার্কিন বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’র সামরিক উদ্দেশ্য অর্জন করেছে—ইরানি সামরিক অবকাঠামো ধ্বংস এবং তেহরানের ক্ষেপণাস্ত্র ও নৌসক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষয় করার কথা উল্লেখ করে। ডেভিস বলেন, মার্কিন হামলা ইরানের প্রচলিত সামরিক বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি করলেও তেহরান এখনো ভূগর্ভস্থ স্থাপনায় সুরক্ষিত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌসম্পদের মাধ্যমে মার্কিন বাহিনী ও আঞ্চলিক মিত্রদের হুমকি দেওয়ার সক্ষমতা ধরে রেখেছে। তিনি সতর্ক করেন, নতুন করে বড় যুদ্ধ অভিযান মার্কিন বাহিনী ও উপসাগরীয় মিত্রদের আরও প্রতিশোধের মুখে ফেলতে পারে, অথচ সেই সক্ষমতা নির্মূল করতে পারবে না।
ট্রাম্প রোববার ভ্যান্সের মন্তব্য তাঁদের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে—এমন ধারণা উড়িয়ে দেন। সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একদমই না। অনেকেই তাঁর মন্তব্য পছন্দ করেনি, কিন্তু আমি করেছি। তিনি ঠিকই বলেছেন।” তবে ট্রাম্প বলেন, ভ্যান্সের আরও একটি কথা বলা উচিত ছিল—প্রশাসনের ইরানবিরোধী পদক্ষেপগুলো আবারও করার মতো ছিল। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথও ইরান অভিযানকে “সাহসী ও ঐতিহাসিক” প্রচেষ্টা বলে সমর্থন করেছেন, যদিও প্রশাসনে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছেন তিনি তাঁর পেন্টাগন প্রধানকে রাখতে চান।



