তিন সন্তান হত্যার মামলায় ক্ল্যান্সির পুনর্বিচারের পথ খুলে দিলেন বিচারক

ম্যাসাচুসেটসের একজন বিচারক সোমবার লিন্ডসে ক্ল্যান্সিকে তাঁর তিন ছোট সন্তানকে হত্যার অভিযোগে আবারও বিচারের মুখোমুখি করার পথ খুলে দিয়েছেন। বিচারক বলেন, পুনর্বিচার তাঁকে একই অপরাধের জন্য দুবার বিচারের মুখোমুখি করার অসাংবিধানিক প্রক্রিয়া হবে না।
প্লিমাউথের বিচারক উইলিয়াম সুলিভান ক্ল্যান্সির আইনজীবীদের মামলা খারিজের আবেদন প্রত্যাখ্যান করেন। গত ৪ সেপ্টেম্বর তিনি বিচার বাতিল (মিসট্রায়াল) ঘোষণা করেছিলেন, কারণ জুরি জানিয়েছিল যে একজন জুরর সর্বসম্মত রায়ে পৌঁছাতে বাধা দিচ্ছেন।
দ্বিতীয় বিচার কখন হবে, তা নিয়ে আলোচনার জন্য বিচারক ১৬ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, দ্বিতীয় বিচার মার্চে হতে পারে।
প্রথম বিচারে কেউই এ বিষয়ে দ্বিমত করেননি যে ক্ল্যান্সি ২০২৩ সালের ২৪ জানুয়ারি বোস্টনের শহরতলি ডাক্সবুরিতে তাঁদের বাড়ির বেসমেন্টে ব্যায়ামের ব্যান্ড দিয়ে পাঁচ বছর বয়সী মেয়ে কোরা, তিন বছর বয়সী ছেলে ডসন ও আট মাস বয়সী ছেলে ক্যালানকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন।
এরপর তিনি নিজেকে ছুরি দিয়ে আঘাত করেন এবং নিজের জীবন শেষ করার চেষ্টায় দ্বিতীয় তলার জানালা থেকে লাফ দেন। এতে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।
তাঁর আইনজীবীরা যুক্তি দিয়েছেন, ক্ল্যান্সি তখন প্রসব-পরবর্তী মানসিক রোগে (পোস্টপার্টাম সাইকোসিস) ভুগছিলেন এবং তাঁকে মানসিক অসুস্থতার কারণে নির্দোষ ঘোষণা করা উচিত—যা ম্যাসাচুসেটসে ‘অপরাধমূলক দায়িত্বের অভাব’ হিসেবে পরিচিত।
পরে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কিছু জুরর বলেন, ওই এক জুরর না থাকলে তাঁরা ক্ল্যান্সিকে মানসিক অসুস্থতার কারণে নির্দোষ ঘোষণা করতে প্রস্তুত ছিলেন। এমন রায় হলে তাঁকে নিয়মিত আদালত পর্যালোচনার অধীনে একটি রাষ্ট্রীয় মানসিক হাসপাতালে পাঠানো হতো।
ম্যাসাচুসেটসে প্রথম-শ্রেণির হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড বাধ্যতামূলক।
প্রতিরক্ষা আইনজীবীরা যুক্তি দিয়েছেন, পুনর্বিচার ক্ল্যান্সির একই অপরাধে দুবার বিচার না হওয়ার সাংবিধানিক সুরক্ষা (ডাবল জেপার্ডি) লঙ্ঘন করবে। তাঁদের মতে, সুলিভান মিসট্রায়াল ঘোষণায় তাড়াহুড়ো করেছেন এবং এর পরিবর্তে একটি কার্যকর বিকল্প অনুসরণ করা উচিত ছিল।
জুরির নোটের কথা উল্লেখ করে প্রতিরক্ষা আইনজীবীরা বলেন, ওই জুরর বিচারকের নির্দেশনা সত্ত্বেও যুক্তিসংগত সন্দেহের আইন মানছিলেন না। তাঁদের মতে, সুলিভানের উচিত ছিল ওই জুররকে জিজ্ঞাসাবাদ করা এবং সম্ভবত তাঁকে সরিয়ে দেওয়া।
প্লিমাউথ কাউন্টির জেলা অ্যাটর্নি টিমোথি ক্রুজের অধীনে প্রসিকিউটররা পাল্টা যুক্তি দেন, বিচারক জুরির অচলাবস্থা যথাযথভাবে সামলেছেন। তাঁদের মতে, ওই জুররকে জিজ্ঞাসাবাদ করলে বিচারক জুরির আলোচনায় অনুপযুক্তভাবে হস্তক্ষেপ করার ঝুঁকি তৈরি হতে পারত।

