হাঙ্গেরিতে সাবেক প্রধানমন্ত্রী অরবানের ভাইকে আটক, ‘রাজনৈতিক নিপীড়ন’ বললেন ভিক্টর
হাঙ্গেরির পুলিশ সোমবার সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ছোট ভাই আরন অরবানকে আটক করেছে। মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার ওই প্রতিবেদনটি শেয়ার করেছেন। ভিক্টর অরবান নতুন সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক নিপীড়ন’-এর অভিযোগ তুলেছেন।
আটকের খবর প্রথম প্রকাশ করে কন্ট্রল নামের এক সংবাদমাধ্যম, যার মালিক ম্যাগিয়ারের ভাই মার্টন। পুলিশ আরন অরবানের ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে যুক্ত সম্পত্তিতে অভিযান চালিয়েছে, তবে আটককৃতদের মধ্যে তিনি আছেন কি না তা নিশ্চিত করেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ভিক্টর অরবান অভিযোগ করেছেন, অন্যান্য বিষয় থেকে মনোযোগ সরাতেই সরকার তার ভাইকে গ্রেপ্তার করেছে।
‘আমিই আসল লক্ষ্য। আমার ছোট ভাইকে কেবল আমার কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে,’ এক্সে লিখেছেন তিনি।
অরবান পরিবারের অন্য সদস্যদের মতো আরনও তার ভাইয়ের শাসনামলে বেশ কয়েকটি সফল ব্যবসা গড়ে তুলেছিলেন।
গত বছর তেলেক্স নামের এক সংবাদমাধ্যমের তদন্তে বিদেশি অতিথি শ্রমিকদের জন্য ভিসা সংক্রান্ত একটি কথিত পরিকল্পনার সঙ্গে আরন অরবান ও তার ব্যবসায়িক সহযোগীদের যুক্ত থাকার বিষয়টি উঠে এসেছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, মানবপাচারের সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
ইউরোপপন্থি রক্ষণশীল ম্যাগিয়ার এপ্রিলে বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করেন, যার ফলে অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটে। তিনি তার পূর্বসূরির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
অভিবাসনের বিরুদ্ধে ভিক্টর অরবানের কঠোর অবস্থানই তার ১৬ বছরের ক্ষমতাকে চিহ্নিত করেছিল, যা এপ্রিলের নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়।
