সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবার হামলা
সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবার হামলা হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দেশের পশ্চিমাঞ্চলের মদিনা অঞ্চলে পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ‘সীমিত অগ্নিকাণ্ড’ ঘটে, যা নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
‘কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি এবং পাইপলাইনের কার্যক্রম ব্যাহত হয়নি,’ সংস্থাটি জানিয়েছে।
হামলার পেছনে কে দায়ী, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। তবে সৌদি আরব ও তার সমর্থিত ইয়েমেনি সরকারের জোট এবং ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই ক্রমেই তীব্র হচ্ছে।
হরমুজ প্রণালি এড়িয়ে যাওয়ার জন্য পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে প্রণালিটি এখনো প্রবলভাবে সংকুচিত রয়েছে।
যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট বাড়তে থাকায় পাইপলাইনটি এর আগেও বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে।
হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি তেল অবকাঠামো—শোধনাগার ও মজুত স্থাপনাসহ—বারবার লক্ষ্যবস্তু করেছে।
১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ এই পাইপলাইন আরব উপদ্বীপের মরুভূমি পেরিয়ে চলে গেছে।
সেপ্টেম্বরে ড্রোন হামলার পর পাইপলাইনটি কয়েক দিন বন্ধ ছিল। সৌদি আরব জানিয়েছিল, ওই হামলা ইরাক থেকে চালানো হয়েছিল।
হরমুজ প্রণালি দিয়ে তেল প্রবাহ ব্যাহত হওয়ার পর থেকে রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পূর্ব-পশ্চিম পাইপলাইন দিয়ে ইয়ানবুতে সরিয়ে নিচ্ছে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।
