রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
সংসদ সদস্য কেরামত আলী তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। কী কারণে এগুলো নিষ্পত্তি হয়নি এবং কবে নাগাদ হবে, এর কোনো রোডম্যাপ আছে কিনা?
উত্তরে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে।
এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।
কমিটিগুলো বিবেচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কিনা, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কিনা। এসব বিবেচনার ভিত্তিতে কমিটি মামলা প্রত্যাহারের সুপারিশ করে থাকে।
পরবর্তীতে জেলা কমিটিসমূহের সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একই বছরের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
জবাবে আরও উল্লেখ করা হয়, মামলা প্রত্যাহারের আবেদন প্রাপ্তি এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে, তা প্রত্যাহারের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ফলে এখন পর্যন্ত প্রত্যাহার হওয়া ২৪ হাজার ১৩টি মামলার বাইরেও নতুন আবেদনের ক্ষেত্রে একই প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংসদে জানানো হয়।


