কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্কারে ৮৫০ চাকরি ছাঁটাই করছে কোয়ান্টাস, বেশির ভাগ কাজ যাচ্ছে ভারতে

অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে ৮৫০টি স্থানীয় করপোরেট চাকরি আউটসোর্স করছে। পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের সঙ্গে বহুবছর মেয়াদি চুক্তির আওতায় এসব কাজের বেশির ভাগ যাবে ভারতে।
মঙ্গলবার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে কোয়ান্টাসের প্রধান নির্বাহী ভ্যানেসা হাডসন এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 'এটি কারও কারও জন্য কঠিন সংবাদ, এবং এর ফলে যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তার জন্য আমি দুঃখিত।'
হাডসন জানান, চাকরি ছাঁটাই শুরু হবে ২০২৭ সালের মাঝামাঝি থেকে। প্রথমে অর্থ, কেনাকাটা, জনবল ও বিপণন বিভাগের কাজ 'বেশির ভাগ' ভারতের দলগুলোর কাছে এবং 'কিছু' অস্ট্রেলিয়ায় স্থানান্তর করা হবে। প্রতিষ্ঠানটি তার তথ্যপ্রযুক্তি ব্যবস্থা আধুনিকায়নের চেষ্টা করছে।
অ্যাকসেঞ্চারের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে হাডসন বলেন, এটি বিমান সংস্থার তথ্যপ্রযুক্তি ব্যবস্থা 'আধুনিকায়ন' করার বিষয়, যাতে আরও 'দক্ষ' হওয়া যায়। কোয়ান্টাস বছরে প্রযুক্তিতে ১০০ কোটি অস্ট্রেলীয় ডলারের (৬৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার) বেশি ব্যয় করে বলে তিনি জানান।
তাঁর ভাষায়, 'প্রতিটি বিমান সংস্থার মতোই আমরাও এমন প্রযুক্তিতে চলি, যা কয়েক দশক ধরে ভিন্ন এক যুগের জন্য গড়ে উঠেছে—এক হাজারের বেশি পুরোনো অ্যাপ্লিকেশন, যেগুলো কখনোই একসঙ্গে কাজ করার জন্য তৈরি হয়নি।'
হাডসন বলেন, অ্যাকসেঞ্চারের সঙ্গে চুক্তির অর্থ হলো, 'আমরা আমাদের করপোরেট কার্যক্রমের কিছু অংশ নতুন করে সাজাব ও সরল করব এবং দ্বৈততা কমাব', যাতে কর্মীরা 'গ্রাহক ও ব্যবসার জন্য মূল্য তৈরি করে, এমন কাজে আরও বেশি সময় দিতে পারেন'।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, 'সময়ের সঙ্গে সঙ্গে' অ্যাকসেঞ্চার যে কাজ নেবে, তা 'অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আরও বদলে যাবে'। হাডসন বলেন, 'প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিবর্তনের মাত্রা ও গতি আমাদের জীবদ্দশায় কেউ দেখেনি'—এই পরিবর্তন 'অভূতপূর্ব'।
কোয়ান্টাস জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে ক্ষতিগ্রস্ত কর্মী ও ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা করা হবে। প্রথম পরিবর্তনগুলো আগামী বছরের মাঝামাঝি থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। হাডসন বলেন, 'আমরা জানি, আমাদের কিছু মানুষের জন্য এটি কঠিন সংবাদ হবে এবং এই সিদ্ধান্ত তাঁদের অবদান বা অঙ্গীকারের প্রতিফলন নয়।'
অস্ট্রেলিয়ায় প্রায় ২৮ হাজার এবং বিশ্বজুড়ে আরও ৪ হাজার কর্মী নিয়োগ করে কোয়ান্টাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর হাজার হাজার কর্মী ইতিমধ্যেই দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। বিবিসি এ বিষয়ে অস্ট্রেলিয়ান সার্ভিসেস ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছে।
এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন মাত্র কয়েক দিন আগেই বিমান সংস্থাটি বাজার হালনাগাদে জানিয়েছিল, জ্বালানির ব্যয় বাড়ায় ভাড়া বাড়ানো ও ফ্লাইট কমানো হচ্ছে। প্রতিষ্ঠানটি বলেছে, গ্রাহক চাহিদা মোটের ওপর টেকসই থাকলেও জ্বালানির ব্যয় ও ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া ও ফ্লাইট সমন্বয় করা হবে।
এটি অস্ট্রেলিয়ায় তিন সপ্তাহের মধ্যে ঘোষিত তৃতীয় বড় করপোরেট ছাঁটাই পরিকল্পনা। এর আগে ডিজাইন প্রতিষ্ঠান ক্যানভা ও ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক পুনর্গঠনের কথা জানিয়েছিল। শুধু এই তিন প্রতিষ্ঠানেই—এনএবিতে ২ হাজার ৫০০, ক্যানভায় ১ হাজার ২০০ এবং এখন কোয়ান্টাসে ৮৫০—গত এক মাসে প্রায় ৪ হাজার ৫৫০টি করপোরেট চাকরি ছাঁটাই, স্থানান্তর বা পুনর্গঠনের লক্ষ্যে এসেছে।
এই পরিবর্তন ইউনিয়নগুলোর কাছ থেকে জোরালো প্রতিক্রিয়া পাবে বলে ধারণা করা হচ্ছে। অতীতে বিতর্কিত আউটসোর্সিং সিদ্ধান্ত নিয়ে ইউনিয়নগুলো কোয়ান্টাসের সঙ্গে লড়েছে। অস্ট্রেলিয়ার শ্রমিকদের জন্য সময়টিও কঠিন—জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং বেকারত্বের হার প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইরান সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় অর্থনীতি মন্থর হয়ে পড়েছে, যা প্রতিষ্ঠানগুলোকে ব্যয় কমাতে বাধ্য করছে। তবে জ্বালানির ব্যয় বাড়লেও কোয়ান্টাসের ক্ষেত্রে তা আংশিকভাবে পুষিয়ে গেছে—মধ্যপ্রাচ্যে যাত্রাবিরতিসহ ফ্লাইট বাতিল করে যেসব নতুন গ্রাহক কোয়ান্টাসে এসেছেন, তাঁদের টিকিট বিক্রি থেকে আয় বেড়েছে।

