…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

দেশে ফেরা আর পাসপোর্টের লড়াই: বাংলাদেশের রাজনীতিতে বারবার ফিরে আসা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
দেশে ফেরা আর পাসপোর্টের লড়াই: বাংলাদেশের রাজনীতিতে বারবার ফিরে আসা প্রশ্ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদনের পর ট্রাভেল পাসের প্রসঙ্গটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে।

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে।

সরকারের দিক থেকে ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণ’ করার কথা বলা হচ্ছে আগে থেকেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাসপোর্ট নয়, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে চায় ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে।

‘বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না,’ বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো—একটি দেশের নাগরিক দেশে ফিরতে চাইলে সরকার তাকে বাধা দিতে বা না বলতে পারে কি-না।

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদ বলছেন, ‘বাংলাদেশের সংবিধান, সার্বজনীন মানবাধিকার ঘোষণা, কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশনসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন বিবেচনায় নিলে কোনো সরকার কোনো নাগরিককে তার নিজ দেশে ফিরতে বাধা তৈরি করতে পারে না।’

তার মতে, শেখ হাসিনার ইস্যুটি রাজনৈতিক এবং সে কারণেই সরকারের দিক থেকে আইনের চেয়েও রাজনীতিটাই বেশি গুরুত্ব পাচ্ছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে নিখোঁজ হয়ে পরে ভারতে নয় বছর অবস্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে হয়েছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরেছেন ট্রাভেল পাস নিয়ে।

আবার আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতাকে পাসপোর্ট পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছিল।

তবে দেশের বাইরে থাকা কারও পাসপোর্ট বাতিল হলে তাকে সে দেশে অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসিতে আগের পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার নিয়ম আছে।

জাতিসংঘের ১৯৪৮ সালের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ১৩(২) ধারা অনুযায়ী—প্রত্যেকেরই নিজ দেশসহ যেকোনো দেশ ত্যাগ করার এবং নিজের দেশে প্রত্যাবর্তন করার বা ফিরে আসার অধিকার রয়েছে।

আবার কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশন অনুযায়ী, বিদেশে থাকা নিজ দেশের নাগরিকদের পাসপোর্ট ইস্যু করা, নবায়ন করা ও বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনস্যুলার মিশনের অন্যতম প্রধান দায়িত্ব। ‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস’ চুক্তিতে বাংলাদেশ ১৯৭৮ সালে স্বাক্ষর করেছিল।

কিন্তু সংবিধান, আন্তর্জাতিক আইন বা বিভিন্ন স্বীকৃত আন্তর্জাতিক চুক্তিতে যাই বলা থাকুক, বাংলাদেশে রাজনৈতিক নেতাদের বিদেশ থেকে ফিরতে কিংবা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মতো উদাহরণও আছে দেশটির রাজনৈতিক ইতিহাসে।

ওই বছরের ১৫ই মার্চ এক মাসের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শেখ হাসিনা। ১৬ই এপ্রিল তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু মাঝে তিনি ২৩শে এপ্রিল দেশে ফিরবেন বলে ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ১৮ই এপ্রিল প্রেসনোটের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।

এরপর শেখ হাসিনা ২২শে এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিলেও যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে এলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায়। এরপর তিনি লন্ডনেই অবস্থান করেন। পরে ২৫শে এপ্রিল সরকার আরেকটি প্রেসনোটের মাধ্যমে তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর ৮ই মে তিনি ঢাকায় ফিরে আসেন।

আবার দীর্ঘ সতের বছর লন্ডনে থাকার পর ২০২৫ সালের ডিসেম্বরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন ট্রাভেল পাস নিয়ে। তার দলের পক্ষ থেকে বলা হয়েছিল, ২০১২ সালেই তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন।

আওয়ামী লীগ আমলে মি. রহমানের বিরুদ্ধে কয়েকটি মামলায় সাজা হয়েছিল। এর মধ্যে একুশে অগাস্টের গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালে তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছিল। এছাড়া ২০২৩ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় ৯ বছরের কারাদণ্ড হয়েছিল। জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় প্রয়াত খালেদা জিয়ার সাথে তারেক রহমানেরও কারাদণ্ড দিয়েছিল আদালত।

শেখ হাসিনা সরকারের পতনের পর সব মামলা থেকেই খালাস পেয়েছেন তারেক রহমান। পাসপোর্ট নিয়ে বিতর্ক ওঠার পর ২০১৮ সালে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘তারেক রহমান বাংলাদেশে নিরাপদ নন এবং সে কারণেই তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন’।

পরে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের নভেম্বরে ঢাকায় এক অনুষ্ঠানে তখনকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, ‘তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে, তখন কেউ যদি আসতে চান, তাহলে তাঁকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই, একবার দেশে আসার জন্য। তো এটাতে এক দিন লাগে।’

শেষ পর্যন্ত সতের বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। সাতাশে ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সারেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশী ১৮ বছরের বেশি নাগরিকদের পাসপোর্ট পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়।

অন্যদিকে সালাহউদ্দিন আহমদ নয় বছর ভারতে থাকার পর ২০২৪ সালের ১১ই অগাস্ট ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরে আসেন। তিনি ২০১৫ সালের এগারই মে থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ছিলেন। তার আগে দেশের ভেতরেই দুই মাস নিখোঁজ ছিলেন তিনি।

তখনকার বিরোধী দল বিএনপির আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন চলাকালে ২০১৫ সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছিলেন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে বলে তখন খবর বেরিয়েছিল।

ভারতে থাকা অবস্থায় ২০১৬ সালের ১১ই জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভারতে থাকার কারণে তিনি দেশে নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। পরে ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।

সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে তিনি খালাস পান। তবে ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। ভারতের কারাগারে থাকা অবস্থায় বিএনপি তাকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করে। এরপর ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

পাসপোর্ট না থাকায় সালাহউদ্দিন পরে দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেছিলেন। ২০২৩ সালে তাকে একটি ট্রাভেল পাস দেওয়া হলেও তিনি তখন দেশে ফিরেননি।

এরপর শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ই অগাস্ট তাকে গৌহাটিতে সহকারী হাইকমিশন থেকে ট্রাভেল পাস দেওয়া হয় এবং ১১ অগাস্ট বিমানে ঢাকায় এসে পৌঁছান।

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোন স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে’।

আবার কোনো নাগরিকের অন্য দেশে যাতায়াত বা ভ্রমণের জন্য পাসপোর্ট থাকার বাধ্যবাধকতা রয়েছে। এটি মূলত একটি দেশের ভ্রমণ বা ট্রাভেল ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। সংবিধান অনুযায়ী, পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়া এবং দেশে ফিরে আসা কোনো নাগরিকের মৌলিক অধিকার।

তবে সরকার চাইলে পাসপোর্ট বাতিল করতে পারে। ‘দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট প্রদান, বাতিল এবং এ সংশ্লিষ্ট অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার এই অর্ডার অনুযায়ীই পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয়।

যেসব কারণে পাসপোর্ট বাতিল করা যায় সে বিষয়ে এই অর্ডারে বলা হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা অথবা দেশের নিরাপত্তা অথবা জনস্বার্থে বাতিল করা যাবে। নৈতিক স্খলনজনিত কারণে পাসপোর্টধারী ব্যক্তি দুই বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে, দেশের যে কোনো আদালত যদি পাসপোর্টধারী ব্যক্তির বিষয়ে আদেশ বা নিষেধাজ্ঞা দেয়, কেউ যদি তথ্য গোপন করে পাসপোর্ট গ্রহণ করে কিংবা একজনের পাসপোর্ট আরেকজনের নিয়ন্ত্রণে থাকলে পাসপোর্ট বাতিল করা যায়।

শেখ হাসিনার সরকার পতনের পর ২০২৪ সালের ২২শে অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্যসহ পদে থাকার কারণে যাদের কূটনৈতিক পাসপোর্ট ছিল তাদের নিয়োগ বা কর্মকাল শেষ হওয়ায় সেগুলো বাতিল করার একটি প্রজ্ঞাপন দেয়।

তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত এরকম ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আবার যাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয় তারা চাইলে সাধারণ পাসপোর্টের আবেদন করতে পারেন।

এখন শেখ হাসিনার আইনি পরামর্শক দল ভারতের বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে আবেদন করেছেন। সংবিধান ও আন্তর্জাতিক আইনে নাগরিকের দেশে ফেরার অধিকার স্পষ্ট থাকলেও বাংলাদেশের রাজনীতিতে এই প্রশ্নটি বারবার ফিরে এসেছে—আর প্রতিবারই এর উত্তর দিয়েছে রাজনীতি, আইন নয়।

রাজনীতি বিভাগের আরও খবর

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়া…

রাজনীতি

সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম

দলীয় সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল ক…