ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটিতে নতুন মুখ আসছে, যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় ইশরাকসহ পাঁচজন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর এবার কমিটি সম্প্রসারণের প্রস্তুতি চলছে। নতুন কমিটিতে আরও কয়েকজন নেতাকে গুরুত্বপূর্ণ পদে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
যুগ্ম আহ্বায়ক পদে ইশরাক হোসেন, আব্দুস সাত্তার, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম বিবেচনায় রয়েছে। এ ছাড়া দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে।
রোববার বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের চার সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুস সালামকে আহ্বায়ক, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চার নেতার নাম ঘোষণা করা হলেও বাকি পদগুলো সম্পর্কে কিছু জানানো হয়নি।
কমিটিতে নতুন নাম যুক্ত হওয়ার বিষয়ে বিএনপি নেতা মাহফুজ কবির মুক্তা বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটির পুনর্গঠন হয়েছে। স্বাভাবিকভাবে কমিটিতে নতুন আরও কিছু নাম যুক্ত হবে।
মুক্তা বলেন, 'দলের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। দল আমাকে যে দায়িত্ব দেয়, সেই দায়িত্ব আমানত হিসেবে অক্ষরে অক্ষরে পালন করব।'
দলীয় সূত্র জানায়, কমিটির শূন্য পদগুলো পূরণে কয়েকজন নেতার নাম নিয়ে আলোচনা চলছে। যুগ্ম আহ্বায়ক পদে ইশরাক হোসেন, আব্দুস সাত্তার, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে এর আগে একাধিকবার পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ১৩ জুন আবদুস সালামের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এরপর একই বছরের ৭ জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পরে ৮ ডিসেম্বর কমিটি সম্প্রসারণ করে ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি। ওই কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক এবং ৪৬ জন সদস্য ছিলেন।
যুগ্ম আহ্বায়কদের মধ্যে ছিলেন হারুনুর রশিদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আব্দুস সাত্তার, এস কে সেকান্দার কাদির, মনির হোসেন চেয়ারম্যান, মীর হোসেন মীরু, সাইদুর রহমান মিন্টু, অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল হোসেন টিপু ও মজিবুর রহমান মজু।
সদস্যদের মধ্যে ছিলেন ইশরাক হোসেন, ফরিদ উদ্দিন, ফারুকুল ইসলাম, শরীফ হোসেন, মোহাম্মদ আলী চায়না, আরিফুর রহমান নাদিম, লতিফ উল্লাহ জাফরু, আনোয়ার পারভেজ বাদল ও কে এম জুবায়ের এজাজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
২০২৪ সালের ওই কমিটিতে আব্দুস সাত্তার ও লিটন মাহমুদ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এবার পুনর্গঠিত কমিটিতেও তাদের নাম একই পদে আলোচনায় রয়েছে।
২০২৬ সালের ৮ নভেম্বর নতুন আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আবারও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবদুস সালাম। এর আগে ২০২১ সালের আগস্টে তাঁর নেতৃত্বে ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সদস্যসচিব ছিলেন রফিকুল আলম মজনু। পরে ২০২৪ সালের জুনে কমিটিটি বিলুপ্ত করা হয়।
নতুন কমিটিতে আবদুস সালামকে আহ্বায়ক করার পাশাপাশি আগের কমিটির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে একই পদে রাখা হয়েছে। ফলে নতুন নেতৃত্বের পাশাপাশি সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।



