…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ধর্মঘটের আগের রাতে গোপালগঞ্জ-ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক
ধর্মঘটের আগের রাতে গোপালগঞ্জ-ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে আগুন
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের আগের রাতে গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার পর এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গোপালগঞ্জ জেলা শহর, কোটালীপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ৯টার পর গোপালগঞ্জ জেলা শহরের সরকারি জেলা স্কুলের প্রধান ফটকের সামনে, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

একই সময়ে কোটালীপাড়া মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর কলেজ গেটের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।

রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। একই কর্মসূচির অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলার ৪ নম্বর বান্ধাবাড়ী ইউনিয়নে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ককটেল বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগটিতে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত ও যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিট ব্যাগটি নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে।

এর আগে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুই যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আটক দুজন হলেন, বাগেরহাট জেলার সূত্রাপুর এলাকার জাবির সালেহীন দিপু (২৭) এবং পাবনার সাঁথিয়া উপজেলার আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬)।

গাজীপুরের কালিয়াকৈরেও একই দিনে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার এক দিনেই পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ালটন কারখানার মালামাল পরিবহনের কাজে ব্যবহারের জন্য কাভার্ড ভ্যানটি কয়েক দিন ধরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এদিকে একই দিন ভোরে একটি আজমেরী পরিবহনের বাসে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকায় আরেকটি আজমেরী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার এক দিনেই কালিয়াকৈরে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানসহ তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

রাজনীতি বিভাগের আরও খবর

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটিতে নতুন মুখ আসছে, যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় ইশরাকসহ পাঁচজন
রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটিতে নতুন মুখ আসছে, যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় ইশরাকসহ পাঁচজন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর এবার কমিটি সম্প্রসারণের প্রস্তুতি চলছে। নতুন কমিটিতে আরও কয়েকজন নেতাকে গুরুত্বপূর্ণ পদে যুক…

রাজনীতি

ধর্মঘটের আগের রাতে ঢাকা, মানিকগঞ্জ ও বগুড়ায় ককটেল বিস্ফোরণ, আটক ৬

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ধর্মঘটের আগের রাতে রাজধানী ঢাকাসহ মানিকগঞ্জ ও বগুড়ায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) স…

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের
রাজনীতি

ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে অনড় আওয়ামী লীগ, পাসপোর্ট-এনআইডির অনুরোধ নাকচ সরকারের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…