ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে জায়গা দিতে রাশিয়াকে চাপ দেবে যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় ইউরোপকে সরাসরি জায়গা দিতে রাশিয়ার ওপর চাপ দেবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত জারেড কুশনার ও স্টিভ উইটকফ এই দাবি নিয়ে আলোচনায় বসছেন।
মঙ্গলবার আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে প্রথম ত্রিপক্ষীয় আলোচনায় মধ্যস্থতা করবেন কুশনার ও উইটকফ। ফেব্রুয়ারির পর এটাই প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার জন্য নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তাদের ভাষায়, ইউরোপীয় সরকারগুলোর হাতে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব বেশি নেই—আলোচনার টেবিলে তাদের পক্ষে কে বসবে, তা দ্রুত ঠিক করতে হবে। কুশনার ও উইটকফ চান, এই সপ্তাহের বৈঠকটিই হোক ইউরোপের পূর্ণ অংশগ্রহণ ছাড়া শেষ বৈঠক।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমাদের ইউরোপকে টেবিলে দরকার। তাই আমাদের প্রস্তাব হলো, এই ত্রিপক্ষীয় বৈঠকের পর ইউরোপীয়দের আলোচনায় আনা।’
গত ২৭ অক্টোবর ফিনল্যান্ড ও নরওয়ের নেতারা সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন। মার্কিন কর্মকর্তারা বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছেন, আরও অনেক বেশি ইউরোপীয় আলোচনা দরকার, যাতে রাশিয়া সরাসরি তাদের কথা শুনতে পারে।
ইউরোপের পক্ষে কে কথা বলবে—আর ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের আদৌ পুতিনের সঙ্গে কথা বলা উচিত কি না—এই প্রশ্নে মতভেদ দীর্ঘদিনের। চলতি সপ্তাহের শেষ দিকে ডাবলিনে এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা করবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
ট্রাম্প গত বছর আবার হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইউরোপীয় কর্মকর্তা ও কূটনীতিকেরা উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ শেষের আলোচনা করছে, আর তারা পাশে পড়ে থাকছেন।
এই সপ্তাহে আবুধাবির বৈঠকে জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন। যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নিরাপত্তা উপদেষ্টা এবং ইতালি, ন্যাটো, ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তারা সেখানে থাকবেন। তবে রাশিয়ার আপত্তির কারণে তারা মূল আলোচনায় অংশ নেবেন না; কুশনার ও উইটকফ তাদের সঙ্গে পরামর্শ করবেন বলে জানা গেছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার প্রথম দিনে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউরোপের নিরাপত্তা কাঠামো নতুন করে সাজানোর বিষয়টি থাকবে। দ্বিতীয় দিনে আলোচনা হবে ভূখণ্ড নিয়ে—সীমান্ত কোথায় টানা হবে—এবং অন্যান্য প্রশ্ন নিয়ে।
ইউরোপীয় সরকারগুলো আশঙ্কা করছে, ট্রাম্প হয়তো এই অঞ্চলে ন্যাটোর প্রভাব কমিয়ে দেওয়ার বিষয়ে পুতিনের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ইউরোপের সম্মিলিত প্রতিরক্ষায় ন্যাটো এখনো কেন্দ্রীয় থাকবে। একই সঙ্গে তারা বলেছেন, রাশিয়ার সঙ্গে মহাদেশের সম্পর্ক নতুন করে ভাবা দরকার।
একই কর্মকর্তা বলেন, ‘স্পষ্টতই কিছু একটা কাজ করছে না।’ ইউরোপীয়দের নিরাপত্তা কাঠামো নতুন করে আঁকা নিয়ে অনেক ‘বোঝা’ রয়েছে, কারণ রাশিয়া অতীতে নানা পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল এবং আগের ব্যবস্থাগুলো ব্যর্থ হয়েছিল। তিনি বলেন, ‘আজ যা কাজ করে, এমন নতুন কিছু আমাদের গড়তে হবে।’
কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাটো মহাসচিব মার্ক রুটে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় গভীরভাবে জড়িত ছিলেন এবং সংস্কারের ধারণা ভাগ করে নিয়েছেন। ইউক্রেনের জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন—রাশিয়ার দখলে থাকা ভূখণ্ডের ভবিষ্যৎ—সে বিষয়ে দুই পক্ষই ব্যক্তিগত আলোচনায় ‘নমনীয়তা’ দেখিয়েছে বলে জানিয়েছেন তারা।
এই সপ্তাহের আলোচনার লক্ষ্য চূড়ান্ত যুদ্ধবিরতি দেওয়া নয়, বরং গত কয়েক সপ্তাহের গতিধারা ধরে রাখা। মার্কিন পক্ষ বলেছে, আলোচনার দুটি মূল ধারা—ভূখণ্ড এবং ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা—একসঙ্গে চলতে হবে এবং একসঙ্গে সমাধান করতে হবে।
পলিটিকোর এক সাক্ষাৎকারে নরওয়ের নেতা ইয়োনাস গার স্টোরে বলেছেন, আবুধাবির আলোচনা থেকে বড় কোনো অগ্রগতি হবে বলে তিনি আশা করেন না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে নতুন উত্তেজনা ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকে পথচ্যুত করতে পারে।


