…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

নতুন বছরে স্কুলে ৭০ দিনের ছুটির প্রস্তাব, পরীক্ষার সূচিও খসড়ায়

নিজস্ব প্রতিবেদক

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা ২৪ জুন এবং বার্ষিক পরীক্ষা ১৮ নভেম্বর থেকে শুরুর পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা খসড়া শিক্ষাপঞ্জিতে এসব প্রস্তাব রাখা হয়েছে।

খসড়া শিক্ষাপঞ্জি চূড়ান্ত অনুমোদন পেলে আগামী ১ জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হতে পারে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সবচেয়ে বেশি ২৪ দিন ছুটি থাকতে পারে। এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা ২৪ জুন শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত চলতে পারে। এ পরীক্ষা সর্বোচ্চ ১২ কর্মদিবসে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।

অন্যদিকে, নির্বাচনি পরীক্ষা ১৩ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলতে পারে। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১০ নভেম্বর।

বার্ষিক পরীক্ষা ও সামষ্টিক মূল্যায়ন ১৮ নভেম্বর শুরু হয়ে ৫ ডিসেম্বর শেষ হওয়ার প্রস্তাব করা হয়েছে। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ১৯ ডিসেম্বর।

খসড়া শিক্ষাপঞ্জিতে প্রতিটি পরীক্ষা সর্বোচ্চ ১২ কর্মদিবসের মধ্যে শেষ করার প্রস্তাব করা হয়েছে।

২০২৭ সালে সবচেয়ে দীর্ঘ ছুটির প্রস্তাব রাখা হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে। খসড়া অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

প্রস্তাবিত ছুটির মধ্যে রয়েছে ১১ ফেব্রুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা, ২০ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ৬ মার্চ শ্রী শ্রী শিবরাত্রি, ৭ মার্চ শবে কদর এবং ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর।

এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত ছুটির প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। এ ছুটির মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষ্যে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

খসড়া তালিকা অনুযায়ী, ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষ্যে একদিন করে ছুটি থাকতে পারে। মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষ্যে ছুটির প্রস্তাব করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি গণনা করা হয়নি।

এপ্রিলে ৪ তারিখ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষ্যে একদিন করে ছুটি থাকতে পারে। মে মাসের ১ তারিখ মে দিবস শনিবার হওয়ায় আলাদা ছুটি রাখার প্রস্তাব নেই। জুনের ১৬ তারিখ পবিত্র আশুরা উপলক্ষ্যে একদিন ছুটি থাকতে পারে।

জুলাইয়ে ১৮ তারিখ আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষ্যে একদিন করে ছুটির প্রস্তাব রয়েছে। আগস্টে ৫ তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে ছুটি থাকতে পারে।

সেপ্টেম্বরে ১৩ তারিখ ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষ্যে একদিন করে ছুটির প্রস্তাব করা হয়েছে। অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষ্যে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে তিন দিন ছুটি থাকতে পারে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষ্যে একদিন করে ছুটির প্রস্তাব রয়েছে।

নভেম্বরের ৭ তারিখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে একদিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। এর বাইরে প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখার কথা বলা হয়েছে।

খসড়া শিক্ষাপঞ্জিতে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র সংরক্ষণ নিয়েও কয়েকটি নির্দেশনা প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, পাবলিক পরীক্ষা ছাড়া বিদ্যালয়ের নিজস্ব পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকেই তৈরি করতে হবে। অন্য কোনো উৎস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা নেওয়া যাবে না।

প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুসারে অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনি, নির্বাচনি ও বার্ষিক পরীক্ষা আয়োজন করতে হবে। বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে।

বিশেষ কোনো কারণ ছাড়া পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। পরিবর্তনের প্রয়োজন হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

খসড়া শিক্ষাপঞ্জিতে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র নয়—এমন অন্যান্য বিদ্যালয়ে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষ্যে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না বলে নির্দেশনা রাখার কথা বলা হয়েছে।

সংবর্ধনা বা পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা কিংবা সম্মান প্রদর্শনের জন্য রাস্তায় দাঁড় করানো থেকেও বিরত থাকার প্রস্তাব রয়েছে। ছুটির মধ্যে ভর্তি কার্যক্রম বা অন্যান্য পরীক্ষা আয়োজনের প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টিও খসড়ায় উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালে কয়েকটি জাতীয় দিবস শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশনা থাকতে পারে। এর মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস।

এ ছাড়া সরকারঘোষিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণের প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা শিক্ষাপঞ্জিটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। ফলে চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির তালিকা, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনায় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় উৎসবের তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি
শিক্ষা

বাজিতপুরে শিক্ষার্থীদের বাসে আগুন, পুড়ে ছাই পুরো গাড়ি

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্…

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন
শিক্ষা

বেঞ্চ সহকারীর প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর, বারির পরীক্ষাও একই দিন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে 'বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)' পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত…

শিক্ষা

বালিয়াডাঙ্গীতে কলেজ ফটকে তালা দিয়ে ধর্মঘটের চেষ্টা, ছাত্রলীগ নেতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক কর…

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক
শিক্ষা

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেটসংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলি…