মস্কো সম্মেলনে পরীক্ষার মুখে রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা জোট, আর্মেনিয়ার দূরত্ব বাড়ছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মস্কোতে রাশিয়া-নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) কালেকটিভ সিকিউরিটি কাউন্সিলের অধিবেশনে সভাপতিত্ব করবেন। তবে ক্রেমলিনের সঙ্গে আর্মেনিয়ার টানাপোড়েন সম্পর্ক সম্মেলনে আলোচনার কেন্দ্রে থাকবে।
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে জোটে আর্মেনিয়ার অংশগ্রহণ স্থগিত রয়েছে। প্রযুক্তিগতভাবে সদস্যপদ থাকলেও দেশটি জোটের কার্যক্রমে অংশ নেয় না—আজারবাইজানের কাছে যুদ্ধে হারের পর কার্যত বয়কট করে আসছে।
আজারবাইজানের সঙ্গে সংঘাতের সময় জোট অর্থবহ সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বলে ইয়েরেভান অভিযোগ করে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সপ্তাহে বলেন, আর্মেনিয়া কার্যত সিএসটিওর কার্যক্রমে অংশ নেয় না। তিনি বলেন, পরবর্তীতে কী হবে তা সংস্থার ভেতরের আলোচনার প্রকৃতির ওপর নির্ভর করবে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ৫ নভেম্বর বলেন, সিএসটিওর প্রতি আমাদের আগ্রহ শেষ হয়ে গেছে।
২০২০ সালে নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে যুদ্ধের সময় সিএসটিও তার মূল নীতি রক্ষা করতে ব্যর্থ হয়। রাশিয়া কিংবা সদস্য দেশ বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান—কেউই আর্মেনিয়াকে সাহায্য করতে সৈন্য পাঠায়নি, যদিও জোটের সনদে এমন সহায়তার কথা রয়েছে।
এদিকে মস্কো আর্মেনিয়ায় দুটি সামরিক ঘাঁটি রাখে, যেখানে হাজার হাজার সেনা ও সীমান্তরক্ষী রয়েছে।
১৯৯৯ সালে সিএসটিও থেকে বেরিয়ে যাওয়া আজারবাইজান রাশিয়া থেকে কোটি কোটি ডলারের নতুন অস্ত্র কিনেছিল। বাকুর সামরিক বিজয় তুরস্ক ও ইসরায়েলের তৈরি ড্রোন এবং যুদ্ধের নতুন কৌশলের ওপরও নির্ভর করেছিল।
২০১৮ সালে ব্যাপক বিক্ষোভের পর ক্ষমতায় আসার পর থেকে পাশিনিয়ানের ক্রেমলিন-বিরোধী অবস্থান মস্কোর জন্য কাঁটা হয়ে রয়েছে। ইয়েরেভান এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদও চাইছে।
মধ্য এশিয়া বিষয়ে মলদোভাভিত্তিক বিশেষজ্ঞ গালিয়া ইব্রাগিমোভা আল জাজিরাকে বলেন, আর্মেনিয়ার ভোটাধিকার কেড়ে নেওয়ার পদক্ষেপ একটি প্রদর্শনীমূলক শাস্তি। তাঁর মতে, অন্য সিএসটিও দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিকভাবে বেশি নির্ভরশীল কিংবা বাঘকে খোঁচা দিও না—এই যুক্তিতে চলে; তাই তারা চুপ থাকবে অথবা দেখবে কীভাবে একজন খারাপ ছাত্রকে শ্রেণিকক্ষে শাস্তি দেওয়া হয়।
৩০ লাখ জনসংখ্যার দেশ আর্মেনিয়া নাগোরনো-কারাবাখ থেকে আসা ১ লাখের বেশি মানুষকে আশ্রয় দিচ্ছে—এই চাপের মধ্যে মস্কোকে চ্যালেঞ্জ জানানো সাবেক সোভিয়েত ইউনিয়নে এক নতুন মোড়ের ইঙ্গিত দেয়।
লন্ডনভিত্তিক সেন্ট্রাল এশিয়া ডিউ ডিলিজেন্স থিংক ট্যাংকের প্রধান আলিশার ইলখামভ বলেন, ইয়েরেভানের এই পদক্ষেপের সময়টা খুবই উপযুক্ত, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত এবং পশ্চিমা নিষেধাজ্ঞা, ইউক্রেনের সামরিক হামলা ও আসন্ন মন্দার কারণে দুর্বল হয়ে পড়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ সিএসটিওর অকার্যকারিতা আরও স্পষ্ট করে। কোনো সদস্য দেশই মস্কোকে সামরিকভাবে সমর্থন করেনি।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে কাজাখস্তানে ব্যাপক রাস্তায় বিক্ষোভের পর সিএসটিও কয়েকটি শহরে হাজার হাজার শান্তিরক্ষী পাঠিয়ে শক্তি দেখিয়েছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধে মস্কোর ব্যর্থতা রাশিয়ার রাজনৈতিক ও সামরিক শক্তিকে একটি কল্পকাহিনীতে পরিণত করেছে বলে মনে করেন ইব্রাগিমোভা।
তিনি বলেন, সিএসটিও সদস্য দেশগুলোকে রাশিয়া যে অস্ত্র ছাড়ে এবং উন্নত বলে বিক্রি করে, সেগুলো আসলে খুব পুরনো অস্ত্র, যা রাশিয়ার নিজেরই দরকার ছিল না।
এদিকে মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাসের সাবেক সোভিয়েত দেশগুলো সামরিক সহযোগিতার নতুন রূপ খুঁজছে। এর একটি হলো তুরস্কের নেতৃত্বাধীন অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটস, যেখানে আজারবাইজান ও তিনটি মধ্য এশীয় দেশ রয়েছে।
