…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে 'আত্মবিশ্বাসী' শেখ হাসিনা, নতুন পাসপোর্টের আবেদন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে 'আত্মবিশ্বাসী' শেখ হাসিনা, নতুন পাসপোর্টের আবেদন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে 'আত্মবিশ্বাসী' বলে জানিয়েছেন তাঁর দলের নির্বাসিত সদস্যরা। এ সপ্তাহে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর তিনি দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে স্বেচ্ছায় নির্বাসনে আছেন হাসিনা। তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান এবং তখন থেকে দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করছেন।

গত নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র অভ্যুত্থানের ওপর তাঁর প্রাণঘাতী দমন-পীড়নে আনুমানিক এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

তাঁর দেশে ফেরা দেশের জন্য বিঘ্ন সৃষ্টি করতে পারে। আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ এবং দলটির হাজার হাজার সদস্য কারাগারে রয়েছেন। তাঁকে ফিরতে দেওয়া হলে সম্ভবত তিনি অবিলম্বে গ্রেপ্তার হবেন।

হাসিনা প্রথম আগস্টে দেশে ফেরার সম্ভাবনার কথা তুলেছিলেন। এ সপ্তাহে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে বসবাসরত বেশ কয়েকজন নির্বাসিত আওয়ামী লীগ নেতা নিশ্চিত করেছেন, আগামী মাসের মধ্যে ফেরার ব্যাপারে তিনি আন্তরিক এবং 'আত্মবিশ্বাসী'। তাঁরা আরও নিশ্চিত করেছেন, দলের আরও কয়েকজন ব্যক্তি তাঁর আগমনের প্রত্যাশায় ইতিমধ্যে দেশে ফিরে গেছেন।

সোমবার হাসিনার পক্ষে কাজ করা একজন ব্রিটিশ আইনজীবী বাংলাদেশ হাইকমিশনকে চিঠি লিখে 'যথাসময়ে' নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানান। গার্ডিয়ান চিঠিটি দেখেছে।

কলকাতাভিত্তিক দলের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আমাদের নেত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কারণ তিনি সত্যিই ফিরতে চান।'

হাসিনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং যে ট্রাইব্যুনাল তাঁকে দণ্ড দিয়েছে তাকে অবৈধ বলে দাবি করেছেন। আওয়ামী লীগের ওই নেতা বলেন, 'তিনি তাঁর ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী, এ কারণেই তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে তিনি দেশে ফেরা সম্ভব করতে ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন।'

হাসিনার দণ্ডের পর বাংলাদেশ সরকার ভারতের কর্তৃপক্ষের ওপর সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের জন্য চাপ দিয়েছে। তবে ক্ষমতায় থাকাকালীন হাসিনার সঙ্গে খুব ঘনিষ্ঠ ভারত সরকার ওই দাবি উপেক্ষা করেছে, যাতে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে।

এ সপ্তাহে বাংলাদেশ সরকার বলেছে, 'সন্ত্রাসী' হিসেবে হাসিনাকে কেবল ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় 'গ্রহণযোগ্য বন্দি বিনিময়ের' মাধ্যমে ফিরতে দেওয়া হবে। যে ট্রাইব্যুনাল হাসিনাকে দণ্ড দিয়েছে তার প্রধান প্রসিকিউটর তাঁর ফেরার ঘোষণাকে 'রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়' বলে নিন্দা করেছেন।

দণ্ড ও দলের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশে থাকা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীর মধ্যে হাসিনার এখনো উল্লেখযোগ্য জনপ্রিয়তা রয়েছে, যাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, গ্রেপ্তারের ঝুঁকি সত্ত্বেও তাঁর ফেরার সিদ্ধান্তের পেছনে রয়েছে নিজের সমর্থকদের পুনরুজ্জীবিত করা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা। ফেব্রুয়ারিতে বাংলাদেশের কয়েক দশকের মধ্যে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ওই সরকার ক্ষমতায় আসে।

তখন থেকে সরকার মুদ্রাস্ফীতি এবং সম্প্রতি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া বিক্ষোভ নিয়ে সংগ্রাম করছে, যা আওয়ামী লীগ নিজের রাজনৈতিক সুবিধার জন্য কাজে লাগাতে চায়।

আরেক আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাসনে থাকা সবাই গ্রেপ্তার ও কারাদণ্ডের হুমকি সত্ত্বেও হাসিনার পেছনে দেশে ফেরার পরিকল্পনা করছেন। হাসিনার ১৫ বছরের শাসনামলে তাঁর ঘনিষ্ঠ অনেকেই সরকার পতনের পর গুরুতর ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং অনুপস্থিতিতে তাঁদের দীর্ঘ কারাদণ্ড হয়েছে।

ভারতে থাকা ওই জ্যেষ্ঠ নেতা বলেন, 'আমরা সবাই ফিরে যাওয়ার পরিকল্পনা করছি। আমাদের মধ্যে কয়েকজনকে ক্যাঙ্গারু আদালতে অনুপস্থিতিতে দণ্ড দেওয়া হয়েছে, এবং আমরা জানি আমাদের জেলে যেতে হবে। কিন্তু আমরা পরিণতি মোকাবিলা করে নিজেদের জনগণের কাছে ফিরতে প্রস্তুত। আমরা রাজনৈতিকভাবে লড়ব।'

দলের কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি ইতিমধ্যে গত কয়েক মাসে ফিরে গেছেন, যাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি রয়েছেন। সেপ্টেম্বরে ফেরার পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে।

নির্বাসনের বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা কলকাতায় মিলিত হতে থাকেন, যেখানে তাঁদের অনেকেই বসবাস করছেন, এবং নিয়মিতভাবে হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতে ডাকা হয়। এ সপ্তাহে ইমেইলে দেওয়া এক বার্তায় হাসিনা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, তিনি ফেরার সিদ্ধান্তে অটল রয়েছেন। তিনি বলেন, 'যদি মৃত্যুই আমার নিয়তি হয়, তবে আমি নিজের দেশের মাটিতে, নিজের জনগণের মধ্যে মরতে চাই।'

রাজনীতি বিভাগের আরও খবর

আওয়ামী লীগের রাজনীতিই ধ্বংসের রাজনীতি, বললেন তথ্য প্রতিমন্ত্রী
রাজনীতি

আওয়ামী লীগের রাজনীতিই ধ্বংসের রাজনীতি, বললেন তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়ি…

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
রাজনীতি

নির্ধারিত দামের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি দামে এলপিজি, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সরবরাহে কিছুটা সংকটের কারণে বাজারে এমন পরিস্…

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬
রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন, আটক ৬

খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়া…

রাজনীতি

সারজিস আলমকে 'ভণ্ড' আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন হবিগঞ্জের ফজলুল করিম

দলীয় সার্বিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল ক…