বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি: এক মাসে প্রতিবেদন ও জবাবদিহির নির্দেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার তথ্য উঠে এসেছে। এসব অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশ দেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৈঠকে বিমানের পূর্ববর্তী বৈঠকের নির্দেশনার অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে দাবি করা অর্থের সপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি। ফলে অডিট বিভাগ তা প্রত্যাখ্যান করে।
এ সময় অনাদায়ী অর্থের বিষয়টি নিয়েও আলোচনা হয়। এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলার অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনাসহ আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকা সত্ত্বেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ‘ড্যাশ-৮’ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এতে পরিচালন ব্যয়সহ বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় হয়। এ সিদ্ধান্ত ও ক্রয়ের সাথে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে অডিটে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি। এই অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু করেছে। এর অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সমস্ত তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহের নির্দেশ দেওয়া হয়।
বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন লোকসানি রুট পরিচালনা করার বিষয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি ও প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে জমার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সাথে চুক্তি অনুযায়ী শতভাগ কাজ না পেলেও পুরো অর্থ পরিশোধের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বিমান ও অডিট বিভাগকে আগামী সাত দিনের মধ্যে যৌথ লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সাথে, লিজ নেওয়া দুটি উড়োজাহাজের ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র অডিটরদের কাছে দেখাতে না পারায় আগামী ১৫ দিনের মধ্যে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে এসব নথি জমা দেওয়ার অঙ্গীকার করেছে।
কোভিডকালে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ উঠে এসেছে অডিটে। এই অনিয়ম চিহ্নিত করতে আগামী এক মাসের মধ্যে অভ্যন্তরীণ তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্তে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভার শেষ ভাগে বিমানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিতকরণ ও অনাদায়ী রাজস্ব দ্রুত আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।


