বন বিভাগের আপত্তিতে তিন বছর ধরে বন্ধ কমলগঞ্জের সড়ক, অকেজো দুই কোটি টাকার সেতু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন বিভাগের আপত্তির মুখে তিন বছর ধরে বন্ধ রয়েছে দেড় কিলোমিটার গ্রামীণ সড়কের পাকাকরণ কাজ। ফলে ১ কোটি ৩৬ লাখ টাকার সড়ক প্রকল্পটি অসমাপ্ত পড়ে থাকার পাশাপাশি শেষ প্রান্তে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত কাওয়ারগলা সেতুটিও কোনো কাজে আসছে না।
বন বিভাগ ও এলজিইডির সমন্বয়হীনতায় সাড়ে তিন কোটি টাকারও বেশি সরকারি উন্নয়ন কর্মকাণ্ড কার্যত পরিত্যক্ত হয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুরাল অ্যাকসেস ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের রাজকান্দি বনসংলগ্ন আদখানিবাজার-ভায়া কাওয়ারগলা সড়কের দেড় কিলোমিটার অংশ পাকাকরণের উদ্যোগ নেয় এলজিইডি। ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ের কাজটি পায় ঢাকার মতিঝিলের ঠিকাদারি প্রতিষ্ঠান এমইউ অ্যান্ড জিইউ (জেবি)।
কাজ শুরু হওয়ার পরই সড়ক নির্মাণে আপত্তি জানিয়ে এলজিইডিকে চিঠি দেয় রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিট। আপত্তি সত্ত্বেও প্রাথমিক মেকাডম ও ইটের খোয়া ফেলার কাজ চলে। পরবর্তীতে ২০২১ সালে বন বিভাগের সরাসরি বাধায় কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
জটিলতা নিরসন না হওয়ায় ২০২৩ সালের ২ নভেম্বর এলজিইডির প্রধান কার্যালয় থেকে প্রকল্পটির দরপত্র বাতিলের নির্দেশ দেওয়া হলে পাকাকরণ কাজ স্থায়ীভাবে থমকে যায়।
এদিকে অভিযোগ উঠেছে, ৩০ শতাংশ কাজ সম্পন্ন না হতেই ২০২০ ও ২০২১ সালে দুই কিস্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫৮ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। স্থানীয়দের দাবি, মাঠে দৃশ্যমান কাজের তুলনায় ঠিকাদারকে অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আদখানিবাজার-ভায়া কাওয়ারগলা সড়কের বিভিন্ন অংশে ইটের খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও দেবে গেছে সড়ক, আবার কোথাও খোয়ার ফাঁকে জন্মেছে ঘাস ও আগাছা। দূর থেকে বোঝার উপায় নেই যে এটি একটি পাকাকরণ প্রকল্পের অংশ ছিল।
বিশেষ করে রাজকান্দি বনের ভেতরের প্রায় ৫০০ মিটার অংশ ঘন ঝোপঝাড়ে ঢেকে থাকায় পায়ে হাঁটাও বিপজ্জনক হয়ে উঠেছে।
অন্যদিকে, সড়কটি দিয়ে যানবাহন চলাচলের সুযোগ না থাকায় এর শেষ প্রান্তে পাহাড়ি ছড়ার ওপর প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত কাওয়ারগলা সেতুটি এখন ভূতুড়ে রূপ নিয়েছে। সংযোগ সড়কের অভাবে সেতুটিতে ওঠার পথ রুদ্ধ হয়ে আছে। বছরের পর বছর ধরে সেতুটি অব্যবহৃত থাকায় চারপাশ ঢেকে গেছে লতাপাতায়।
দক্ষিণ কোনাগাঁও গ্রামের বাসিন্দা জহির রায়হান ক্ষোভ প্রকাশ করে বলেন, খোয়া ফেলার পর আর কোনো অগ্রগতি হয়নি। বনের ভেতরে জটিলতা থাকলেও অন্তত গ্রামের ভেতরের অংশটুকু পাকা করা যেত। এখন ভাঙাচোরা রাস্তায় হেঁটে চলাই দায়, গাড়ি তো দূরের কথা।
কাওয়ারগলা গ্রামের পারবেজ মিয়া বলেন, কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ বানানো হলো, অথচ রাস্তার অভাবে সেটি বন্ধ পড়ে আছে। সরকারের এত বড় বরাদ্দের সুফল যদি মানুষ না পায়, তবে এর দায় কার?
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, সড়ক ও সেতুটি সচল হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসত। বন বিভাগ ও এলজিইডির সমন্বয়হীনতার বলি হচ্ছে সাধারণ মানুষ। জনগণের দুর্ভোগ লাঘবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত কথা বলবেন তিনি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, বন বিভাগের আপত্তির কারণে প্রধান কার্যালয়ের নির্দেশেই কাজটি বন্ধ করতে হয়েছে। যতটুকু কাজ হয়েছে, সে অনুযায়ী নিয়ম মেনেই ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় বন বিভাগের সঙ্গে আলোচনা করে কোনো বিকল্প সমাধান বের করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
